এবার ফ্রেঞ্চ ওপেনে ‘লা ডেসিমা’ হবে রাফায়েল নাদালের? হোক বা না হোক, লাল দুর্গে নয়টি শিরোপা একটা জায়গায় শীর্ষেই রেখেছে স্প্যানিশ তারকাকে। উন্মুক্ত যুগে দ্বিতীয় কেউ গ্র্যান্ড স্লামের একক কোনো টুর্নামেন্ট তো নয়ই, এটিপি ট্যুরের কোনো টুর্নামেন্টও নয়বার জিততে পারেনি। কমপক্ষে আটবার একই টুর্নামেন্ট জিতে এই তালিকার দ্বিতীয় স্থানে আর্জেন্টিনার গিলের্মো ভিলাসের সঙ্গে আছেন নাদালও। বুয়েনস এইরেস এটিপি টুর্নামেন্ট আটবার জিতেছেন ভিলাস। নাদাল আটবার করে জিতেছেন মন্টে কার্লো মাস্টার্স এবং বার্সেলোনা ওপেন। একই টুর্নামেন্ট সাতবার করে জয়ীদের তালিকায় রোম মাস্টার্সের ‘রাজা’ নাদালের সঙ্গে আছেন দুজন—সাতবার উইম্বলডনজয়ী যুক্তরাষ্ট্রের টেনিস গ্রেট পিট সাম্প্রাস এবং রজার ফেদেরার। অল ইংল্যান্ড ক্লাব ছাড়াও দুবাই এবং হালে সাতবার টুর্নামেন্ট জিতেছেন সাবেক সুইস নাম্বার ওয়ান।