নাদালও গেলেন

অবশেষে পারলেন টমাস বার্ডিচ। পারলেন রাফায়েল নাদালকে হারাতে। আট বছরে টানা ১৭ ম্যাচ হারার পর কাল রাফায়েল নাদালকে হারালেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। আট বছরের মধ্যে বার্ডিচের কাছে প্রথম হারে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো নাদালের অস্ট্রেলিয়ান ওপেন অভিযান। নাদালকে বিদায় করে টেনিসের ‘বড় চারের’ আরেক জন অ্যান্ডি মারেকে সেমিফাইনালে পেয়েছেন বার্ডিচ। অস্ট্রেলীয়দের স্বপ্ন ভেঙে কাল নিক কিরিয়সকে বিদায় করে দিয়েছেন তৃতীয় গ্র্যান্ড স্লামের জয়ের অভিযানে নামা মারে। ১৯ বছর বয়সী কিরিয়সকে মারে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে।
স্বপ্ন ভেঙেছে ইউজিনি বুশারেরও। শেষ আটে টেনিসের ‘পরবর্তী শারাপোভা’ হেরে গেছেন আসল শারাপোভার কাছে। সপ্তম বাছাই কানাডিয়ানকে গ্র্যান্ড স্লাম শিক্ষা দিয়ে দ্বিতীয় বাছাই শারাপোভা জিতেছেন ৬-৩, ৬-২ গেমে। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে আবারও র্যাঙ্কিংয়ের ১ নম্বর, সেই পথে শারাপোভার সেমিফাইনাল-বাধা একাতেরিনা মাকারোভা। দশম বাছাই শারাপোভার রুশ সতীর্থ ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন তৃতীয় বাছাই রোমানিয়ান সিমোনা হালেপকে।
গ্র্যান্ড স্লাম কি এটিপি ট্যু—গত আট বছরে নাদালের কাছে পাত্তা না পাওয়া বার্ডিচ কাল জিতেছেন সরাসরি ৬-২, ৬-০, ৭-৬ (৭/৫) গেমে। দ্বিতীয় সেটটা ৬-০ গেমে জিতে নাদালকে প্রায় অচেনা আরেকটা স্বাদও দিয়েছেন বার্ডিচ। কোনো গ্র্যান্ড স্লামে নাদাল সর্বশেষ ৬-০তে সেট হেরেছিলেন সেই ২০০৬ উইম্বলডনের ফাইনালে, ফেদেরারের কাছে।
নাদালকে অনেক দিন প্রতিযোগিতামূলক টেনিসের মূল্য দিতে হয়েছে। চোট-অসুস্থতায় গত জুনের পর মাত্র আটটি ম্যাচ খেলে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে এসেছিলেন স্প্যানিশ তারকা। টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য নাদাল ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই শরীরে কয়েক রাউন্ডের বেশি যাওয়া সম্ভব নয়। গতবারের রানারআপের সেই শঙ্কাই সত্যি হলো! এএফপি, রয়টার্স।