নাদালকে আটকাবেন থিম!
টেনিসে এসে গেছেন নতুন ‘দৈত্য-ঘাতক’ ডমিনিক থিম!
অস্ট্রিয়ার এই প্রতিযোগীর বয়স ২৩। ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে তুলে এনেছে র্যাঙ্কিংয়ের সাতে। এদিক থেকে তিনি নিজেও বিশ্ব টেনিসের নতুন তারকা। কিন্তু এ বছর যে ভীতিজাগানিয়া রূপে হাজির সার্কিটে, সেটি আগে দেখা যায়নি:
* বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে প্রথমবারের মতো হারিয়েছেন শীর্ষ তারকা অ্যান্ডি মারেকে।
* এ বছর ক্লে কোর্টে অপ্রতিরোধ্য রাফায়েল নাদালকে হারানোর কৃতিত্ব শুধু থিমেরই।
* ফ্রেঞ্চ ওপনের শেষ আটে হারিয়েছেন নোভাক জোকোভিচকে।
নতুন করে নিজেকে চেনানো থিম আজ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নাদালের মুখোমুখি। কেউ কেউ তো এমনও বলছেন, ফ্রেঞ্চ ওপেনে নাদালের ‘লা দেসিমা’ জয়ের পথে বড় বাধা এই থিমই। পুরুষ বিভাগের অন্য সেমিফাইনালে শীর্ষ বাছাই মারের মুখোমুখি স্তান ভাভরিঙ্কা।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল হিসেবে গত বছর এই ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে উঠে এসেছিলেন থিম। জোকোভিচের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি। এবার জোকোভিচকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই উঠেছেন সেমিতে। জিতবেন না হারবেন সেটি পরের কথা, কিন্তু নাদালের বিপক্ষে হাড্ডাহাড্ডি একটা লড়াই যে হতে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত থিম, ‘অনুমান করতেই পারছেন এটি সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে। সেমিফাইনালে উঠে আসাটা আমার জন্য বড় ব্যাপার। রোলঁা গারোয় শুক্রবার (আজ) সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।’
এ বছর এটি নাদাল-থিমের চতুর্থ সাক্ষাৎ, সবসুদ্ধ ষষ্ঠ। আগের ছয় ম্যাচের ২টিতে জিতেছেন থিম। সর্বশেষ সাক্ষাতেও। এটা মানসিকভাবে তাঁকে এগিয়ে রাখলেও থিম চিন্তিত নাদালের দুর্দান্ত ফর্ম নিয়ে, ‘এটা আর গোপন কিছু নয় যে নাদাল তাঁর সেরা অবস্থায় ফিরে এসেছেন।’ তবে নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী থিম। গ্র্যান্ড স্লাম জেতা কতটা কঠিন তা নিয়ে রসিকতাও করলেন, ‘আমি নোভাককে হারিয়েছি। শুক্রবার হারাচ্ছি নাদালকে। ফাইনালে আরও একজন শীর্ষস্থানীয় তারকাকে। এই কারণে এটা গ্র্যান্ড স্লাম, এত কঠিন একটা টুর্নামেন্ট।’
অন্য সেমিফাইনালটি হবে কোর্টে মারে-ভাভরিঙ্কার ১৮তম লড়াই। রেকর্ড অবশ্য এগিয়ে রাখছে মারেকে—১০ জয়, ৭ হার। আগের বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতেই মারে হারিয়েছিলেন ভাভরিঙ্কাকে। আরেকটি সেমিফাইনালের আগে সেটি মনে করিয়ে দিলেন মারে, ‘জয়ের জন্য সেদিন (গত বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতে) আমাকে ক্লে-কোর্টের নিজের সেরা ম্যাচটাই খেলতে হয়েছিল। এবারও সে রকমই খেলতে হবে আমাকে।’ শেষ আটে কেই নিশিকোরিকে হারিয়েছেন মারে। ভাভরিঙ্কা হারিয়েছেন মারিন চিলিচকে। এএফপি, রয়টার্স।