নাদালকে ছেড়ে যাচ্ছেন চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই ফ্রেমে রাফায়েল নাদাল ও টনি নাদাল: ফাইল ছবি
একই ফ্রেমে রাফায়েল নাদাল ও টনি নাদাল: ফাইল ছবি

বছর দুয়েক আগের ঘটনা। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে অখ্যাত ডাস্টিন ব্রাউনের কাছে হেরে গেলেন রাফায়েল নাদাল। তখন বিবিসি রেডিওর লাইভ ফাইভের ধারাভাষ্যে ছিলেন সাবেক এক নম্বর জন ম্যাকেনরো। বলছিলেন, নাদালের একজন নতুন কোচ নেওয়া উচিত। ২০১৫ উইম্বলডনের পরের চারটি গ্র্যান্ড স্লামেও নাদাল বিদায় নিয়েছেন তৃতীয়, প্রথম, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে। নিজের পারফরম্যান্সের দিকে তাকিয়ে বোধ হয় একটা পরিবর্তনের তাগিদ অনুভব করছিলেন নাদালও। তারই ফল—গত বছরে শেষের দিকে নাদালের কোচিং দলে কার্লোস ময়ার আগমন।
টেনিসের সাবেক এক নম্বর ময়াই হয়তো নাদালের পরবর্তী মূল কোচ হতে যাচ্ছেন। হোন বা না হোন, আগেভাগেই টনি নাদাল ঘোষণা দিলেন, ‘পরের বছর থেকে কোচ হিসেবে আমি আর নাদালের সঙ্গে থাকছি না।’ টনি এ ঘোষণা দিয়েছেন টেনিস সাময়িকী ইল টেনিস ইতালিয়ানোকে দেওয়া সাক্ষাৎকারে।
নাদালের হাঁটি হাঁটি পা থেকেই যিনি ‘সঙ্গী’ স্প্যানিশ টেনিস তারকার, যিনি সম্পর্কে আপন চাচা, তাঁর সঙ্গে সম্পর্ক শেষ হওয়া মানে তো গোছানো একটা সংসার অগোছালো হয়ে পড়া! কিন্তু টনি বলছেন, ব্যাপারটা মোটেও তা নয়, ‘ভাতিজার সঙ্গে আমার সম্পর্কটা সব সময়ই চমৎকার ছিল। যত বছর আমি তাঁর সঙ্গে কাজ করেছি, কখনো তর্ক পর্যন্ত হয়নি আমাদের। আমাদের সম্পর্কটা এখনো চমৎকার।’
চাচার মন্তব্য নিয়ে নাদাল এখনো মুখ খোলেননি। তাঁর মুখপাত্র বেনিতো পেরেজ শুধু এটুকুই জানিয়েছেন, ‘এসব কথা আমাদের কাছে একটা বিস্ময়ই। তিনি যদি এটা বলে থাকেন তাহলে সেটিই ঠিক।’
চাচা টনির হাত ধরে তিন বছর বয়সে টেনিসে নাদালের হাতেখড়ি। ৮ বছর বয়সে এক অনূর্ধ্ব-১২ আঞ্চলিক টেনিস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলে নাদালের টেনিস প্রতিভার কথা ছড়িয়ে পড়ে চারদিকে। ১৪ বছর বয়সে বার্সেলোনায় উন্নত প্রশিক্ষণের ডাক আসে কিশোর নাদালের। লেখাপড়া নষ্ট হবে বলে কিছুতেই ছেলেকে বাড়িছাড়া করতে রাজি ছিলেন না মা-বাবা। টনিই পরিবারকে বুঝিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন ভাতিজাকে। সেই কিশোর আজ যে নাদাল হয়ে উঠেছেন, সে তো কোচ টনির জন্যই।
আর টনি—নাদালের জন্য নয় কি? বিয়ন বোর্গের সাবেক কোচ লেনার্ট বার্গেলিন কোচ হিসেবে সর্বোচ্চ ১১টি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। তাঁকে ছাপিয়ে কোচ টনির নামের পাশে এখন ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা। বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী কোচ! টেনিসডটকম।