নাদালকে হারানোও যেন এক 'অভিশাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাদাল-অভিশাপ’ ধরল জিলস মুলারকেও। ছবি: এএফপি।
‘নাদাল-অভিশাপ’ ধরল জিলস মুলারকেও। ছবি: এএফপি।

জিলস মুলার কাল ইতিহাস লিখছেন। হোক না ব্যক্তিগত, তবু ইতিহাস তো। প্রথমবারের মতো উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন লুক্সেমবার্গের এই খেলোয়াড়। তবে মনটা একটু খচ খচও করেছিল নিশ্চয়, নাদালকে হারিয়ে ওঠাটাই না আবার তাঁর হিতে বিপরীত হয়! 

হ্যাঁ, এমনটাই তো হয়ে আসছে উইম্বলডনে। ২০১২ সালে লুকাস রোসোল, ২০১৩ সালে স্টিভ ডার্চিস, এর পরের বছর নিক কিরিওস কিংবা দুই বছর আগে ডাস্টিন ব্রাউন—সবারই চিত্রনাট্য একই। চমক জাগানোর পরের রাউন্ডেই বাদ! প্রতিপক্ষও সবার একই ছিল—রাফায়েল নাদাল। ব্যাপারটা যেন এমন, উইম্বলডনে নাদালকে হারানো মানেই যেন নিজের ‘কবর’ খোঁড়া।

ইতিহাস থেকে বেরিয়ে আসতে পারলেন না মুলারও। বুধবারের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচের কাছে হেরে গেছেন তিনি। ব্যবধানটা ৩-৬, ৭-৬(৪), ৭-৫, ৫-৭, ৬-১। নাদালের বিপক্ষে অবিশ্বাস্য এক পঞ্চম সেটের চড়াই-উতরাই পেরিয়ে কোয়ার্টার ফাইনালে এসে চিলিচ-চড়াই পেরোতে পারলেন না লুক্সেমবার্গের ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। অথচ ক্যারিয়ারে কেবল দ্বিতীয় গ্র্যান্ড স্লামের শেষ আটে পা রেখেছিলেন তিনি। উপলক্ষটা উদ্‌যাপন করতে পারলেন না। অথচ কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসীই শোনাচ্ছিল তাঁর কণ্ঠ, ‘আমি আত্মবিশ্বাসী, বুধবার (চিলিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে) আমি ভালো ফর্মেই থাকব।’

এমন আত্মবিশ্বাস নাদালকে হারানো আগের চারজনের কণ্ঠেও শোনা গিয়েছিল। পাঁচ বছর আগে রোসোলের জয় চমকে দিয়েছিল সবাইকে। ২০১২ সালের আগে টানা পাঁচ বছর বাছাইয়েই ঝরে গিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। কিন্তু প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে নাদালকে চমকে দিয়ে হারিয়ে দিয়েছিলেন র‍্যাঙ্কিংয়ে ১০০-তে থাকা রোসোল। পরের রাউন্ডে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন তিনি। বর্তমানে ২১৫ নম্বর খেলোয়াড় রোসোল এবারও খেলেছেন উইম্বলডনে। এবার তিনি দ্বিতীয় রাউন্ডেই হেরে গেছেন, মুলারের কাছেই!

২০১৩-তে নাদালের হারটি ছিল আরও ভয়াবহ। প্রথম রাউন্ডেই ১৩৫ নম্বরে থাকা ডার্চিসের কাছে হেরে যান দুবারের চ্যাম্পিয়ন। উইম্বলডনে সেবারই প্রথম প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন নাদাল। সেটিও সরাসরি সেটে! সে সুখানুভূতি বেশি সময় থাকেনি ডার্চিসের। কাঁধের চোট পরের ম্যাচই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল তাঁকে।

২০১৪ সালটাও ভালো কাটেনি নাদালের। এবার চতুর্থ রাউন্ডে তাঁর বিদায় ১৯ বছরের কিরিওসের কাছে। অস্ট্রেলিয়ান এই প্রতিভাবান খেলোয়াড় সেবার খেলেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। ৭-৬, ৫-৭, ৭-৬, ৬-৩ গেমে নাদালকে হারিয়ে ইতিহাসও গড়েছিলেন কিরিওস। ১৯৯২ সালের পর সেবারই প্রথম একজন শীর্ষ তারকা (র‍্যাঙ্কিংয়ে ১ থাকা খেলোয়াড়) কোনো গ্র্যান্ড স্লামে র‍্যাঙ্কিংয়ে ১০০-র বাইরে থাকা খেলোয়াড়ের কাছে হেরেছিলেন। কিরিওসের স্বপ্নযাত্রা পরের রাউন্ডেই থামে।

১০০-র বাইরে থাকা টেনিস খেলোয়াড়দের প্রিয় লক্ষ্যই হয়ে গিয়েছিলেন নাদাল। ২০১৫ সালেও তাঁকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় হতে হয়েছিল ডাস্টিন ব্রাউনের হাতে। র‍্যাঙ্কিংয়ে ১০২ নম্বর খেলোয়াড় জীবনে সেবারই প্রথম সেন্টার কোর্টে খেলেছিলেন। সে উত্তেজনাতে নাদালকেই হারিয়ে দিয়েছিলেন ঝাঁকড়া চুলের এই জার্মান। কিন্তু পরের রাউন্ডেই হেরে শেষ হয়েছিল ব্রাউনের উইম্বলডন-যাত্রা।

মুলারও ‘নাদাল-অভিশাপ’টা কাটিয়ে উঠতে পারলেন না! সূত্র: এএফপি।