নাদাল–জোকোভিচ সমান নাকি এগিয়ে আছেন কেউ?
২১তম গ্র্যান্ড স্লাম শিরোপার সন্ধানে গা–গরমটা ভালোই হলো রাফায়েল নাদালের। কাল রোম মাস্টার্সের ফাইনালে কাদামাটির (ক্লে) কোর্টে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় নোভাক জোকোভিচকে হারিয়ে রোলাঁ গাঁরোর প্রস্তুতি সারলেন স্প্যানিশ তারকা।
দুই সপ্তাহ পরই শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। তার আগে এটিপির ১০০০ মাস্টার্স জয়ে জোকোভিচের ৩৬ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসালেন নাদাল।
মর্যাদায় গ্র্যান্ড স্লামের পরই মাস্টার্স। সার্বিয়ান তারকাকে ৭–৫, ১–৬, ৬–৩ গেমে হারিয়ে রোম থেকে নিজের ১০ম শিরোপা তুলে নিয়েছেন নাদাল। এটিপি ট্যুরে এটি ছিল দুজনের ৫৭তম দ্বৈরথ।
হেড টু হেড রেকর্ডে জোকোভিচের সঙ্গে ২৮–২৯ ব্যবধানে পিছিয়ে রইলেন নাদাল। রোমে নবমবারের মতো জোকোভিচের মুখোমুখি হয়ে ৬–৩ ব্যবধানে এগিয়ে রইলেন তিনি।
এটিপি মাস্টার্স ১০০০ শিরোপাজয়ের দৌড়ে জোকোভিচ–নাদালের চেয়ে বিস্তর ব্যবধানে পিছিয়ে বাকিরা। ২৮ শিরোপা জিতে তৃতীয় ফেদেরার। ১৭ শিরোপা জিতে চারে সাবেক টেনিস তারকা আন্দ্রে আগাসি।
৮৮তম ট্যুর শিরোপা জিতে ফেডেক্স এটিপি রেস টু তুরিনের তালিকায় ছয়ে উঠে এলেন নাদাল। তাঁর সঙ্গে ১০ পয়েন্ট ব্যবধানে পাঁচে দানিয়েল মেদভেদেভ। ৩০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে চারে আলেক্সান্দার জভেরেভ। দ্বিতীয় জোকোভিচের সঙ্গে অবশ্য ৭০০ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে নাদাল।
১৯৬৮ সাল থেকে টেনিসের ওপেন যুগে সর্বোচ্চসংখ্যক শিরোপা জয়ের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা। ৮৮ শিরোপা জিতেছেন তিনি। ১০৯ শিরোপা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা জিমি কনোর্স।
ছেলেদের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ২০০ সপ্তাহের বেশি সময় ছিলেন কনোর্স। ১০৩ শিরোপা জিতে দুইয়ে সুইস তারকা ফেদেরার।
দুই ‘বুড়ো’র লড়াইয়ে জেতার পর ট্রফি হাতে ওঠানোর পর নাদাল বললেন এত দূর আসতে পারবেন ভাবেননি কখনো, ‘অবিশ্বাস্য, এই ট্রফিটা ১০ম বারের মতো হাতে তুললাম। এতটা কল্পনাতেও ছিল না। মনে আছে ২০০৫ সালে যখন প্রথম রোমে ট্রফি জিতলাম (গিয়ের্মো) কোরেয়াকে হারাতে পাঁচ ঘণ্টা লেগেছিল।’
ম্যাচ জয়ে কে এগিয়ে
রোম মাস্টার্সের সর্বশেষ ১৭ আসরের ১৫টিতেই চ্যাম্পিয়নের নাম হয় নাদাল, নয় জোকোভিচ। শিরোপা জেতায় ১০–৫ ব্যবধানে এগিয়ে থাকা নাদাল রোমের ফাইনালেও এগিয়ে জোকোভিচের বিপক্ষে। দুজনের ছয়টি ফাইনালের চারটিতেই জয়ীর নাম রাফায়েল নাদাল।