নাদালের অভাব পূরণে ভিনোলাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট পেয়ে রোলাঁ গারোকে বিদায় বলে দিয়েছেন রাফায়েল নাদাল। তাঁর অভাব পূরণ করতেই যেন এগিয়ে এলেন আলবার্ট রামোস-ভিনোলাস। কাল ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে অষ্টম বাছাই মিলোস রাওনিচকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই স্প্যানিয়ার্ড।
স্প্যানিশ খেলোয়াড়, বাঁহাতি—নাদালের সঙ্গে ভিনোলাসের মিল খুঁজে পেতেই পারেন। কিন্তু মিলের শেষ এখানেই। এক সপ্তাহ আগেও গ্র্যান্ড স্লামে ২৮ বছর বয়সী ভিনোলাসের সর্বোচ্চ সাফল্য ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠা। গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারেই মোট চারটি জয়েই তো বোঝা যায় তাঁর অবস্থা। সেই ভিনোলাস এবার টানা চার ম্যাচ জিতে উঠে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। কাল কানাডার রাওনিচকে ৬-২, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন নাদাল না থাকলেও একজন বাঁহাতি স্প্যানিয়ার্ড তো শেষ আট পর্যন্ত টিকে থাকলেন।
কোয়ার্টার ফাইনালে ভিনোলাস খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কার সঙ্গে। তৃতীয় বাছাই ভাভরিঙ্কা কাল ৭-৬, ৬-৭, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন সার্বিয়ার ভিক্টর ট্রয়স্কিকে। এএফপি।