নাদালের এমন হার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ বছর বয়সী বোরনা কোরিচকে না চিনলে দোষের কিছু নেই। পরশু সুইস ইনডোরের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে র্যাঙ্কিংয়ের ১২৪ নম্বরে থাকা এই ক্রোয়েশিয়ানের নাম প্রতিপক্ষ রাফায়েল নাদালও শুনেছিলেন কি না সন্দেহ! ওয়াইল্ড কার্ড নিয়ে প্রতিযোগিতায় খেলতে আসা কোরিচ যা করলেন, তাতে শুধু নাদাল নন, চমকে গেছে পুরো টেনিস-বিশ্বই। নাদালকে ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দিয়েছেন এই ‘বিস্ময় কিশোর’! অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভোগা স্প্যানিশ তারকা শেষ কয়েকটি ম্যাচই খেলেছেন অ্যান্টিবায়োটিক নিয়ে। ম্যাচ শেষে বাকি মৌসুমের জন্য র্যাকেট তুলে রাখার সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন নাদাল। ৩ নভেম্বর অস্ত্রোপচারের টেবিলে উঠবেন তিনি।
ওদিকে সিঙ্গাপুরে বছর শেষের ডব্লুটিএ টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও সিমোনা হালেপ। কাল সেরেনা হারিয়েছেন ওজনিয়াকিকে, হালেপ রাদভানস্কাকে। এএফপি।