নাদালের পর জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহায় কাতার ওপেন জিতলে সেটি হতো তাঁর ৪৯তম এটিপি শিরোপা। এখানে জিতে চলে যেতেন অস্ট্রেলিয়ায়; বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতেন ৫০তম শিরোপার লক্ষ্য নিয়ে। নোভাক জোকোভিচের ছকটা হয়তো এমনই ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভন্ডুল করে দিলেন ইভো কার্লোভিচ। ৩৫ বছর বয়সী ক্রোয়েশিয়ান পরশু কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে ৬-৭ (২/৭), ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে হারিয়ে দিলেন টেনিসের এক নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচকে। এর আগে প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল।
কোর্টে বাতাস ছিল এবং তা গেছে জোকোভিচের বিপক্ষে। তবে ম্যাচ শেষে তাঁর মুখে প্রশংসাই ঝরল প্রতিপক্ষের, ‘এই হারে আমি বিস্মিত হয়েছি কি না তা বলতে পারব না, তবে সে খুবই ভালো সার্ভ করেছে।’ জোকোভিচের বিপক্ষে এটা দ্বিতীয় জয় ২৭ নম্বর র্যাঙ্কিংধারী কার্লোভিচের। আগের জয়টি ছিল ২০০৮ সালে মাদ্রিদ মাস্টার্সে। এএফপি।