নাভ্রাতিলোভার পাশে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামসের গ্র্যান্ড স্লাম শিরোপা ২২টি। মার্টিনা নাভ্রাতিলোভার ১৮টি। তবু একটা জায়গায় সেরেনার চেয়ে এগিয়ে ছিলেন নাভ্রাতিলোভা—গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ৩০৬টি জয়। উন্মুক্ত যুগের টেনিসে নাভ্রাতিলোভার এই রেকর্ডে অবশেষে ভাগ বসালেন সেরেনা। ফ্লাশিং মিডোয় পরশু দ্বিতীয় রাউন্ডে ভানিয়া কিংয়ের বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমে জিতে নাভ্রাতিলোভাকে ছুঁয়ে ফেললেন আমেরিকান টেনিস তারকা। নারী-পুরুষ মিলিয়ে উন্মুক্ত যুগের টেনিসে গ্র্যান্ড স্লামে সেরেনার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন একজনই—রজার ফেদেরার। সুইস তারকার জয়ের সংখ্যা ৩০৭। ফেদেরার এবারের ইউএস ওপেনে নেই, সুতরাং আশাই করা যায় সেরেনা টপকেই যাচ্ছেন ফেদেরারকে।
১৭ বারের মতো ইউএস ওপেনে খেলতে নামা সেরেনা শিরোপা জিতেছেন ছয়বার। তবু পরশু স্বদেশি মেয়ের বিপক্ষে পাওয়া জয়টি তাঁর ক্যারিয়ারে একটা ‘প্রথম’ই হয়ে গেল। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ছাদের নিচে প্রথম জয়। ছাদের নিচে খেলে ইউএস ওপেনে নিজের ৮৬তম জয়টি সেরেনাকে দিয়েছে অন্য রকম অনুভূতি, ‘অ্যাশের ছাদঢাকা কোর্টে খেলার ব্যাপারটা একটু আলাদা হলেও অনুভূতিটা কিন্তু চমৎকার।’ মহিলা বিভাগে এদিন তৃতীয় রাউন্ডে নিশ্চিত করেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কা, রোমানিয়ার সিমোনা হালেপ ও সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস।
পুরুষ বিভাগেও বাছাই তারকাদের জয়জয়কার। দ্বিতীয় রাউন্ডে জিতেছেন অ্যান্ডি মারে, কেই নিশিকোরি, ডেভিড ফেরার, নিক কিরিওস। তৃতীয় রাউন্ডে উঠেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো, গ্রিগর দিমিত্রভও।