নাভ্রাতিলোভারও দুঃখ আছে
তাঁর নামের পাশে ১৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা। মহিলা দ্বৈত (৩১) এবং মিশ্র দ্বৈতের (১০) শিরোপা মিলিয়ে শিরোপা সংখ্যা ৫৯। বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ার মার্টিনা নাভ্রাতিলোভার। তারপরও একটা দুঃখ আছে ৫৯ বছর বয়সী এই টেনিস কিংবদন্তির—মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয়েছিল তাঁকে!
এক প্রদর্শনী টেনিসে অংশ নিতে পরশু কলকাতায় এসেছিলেন নাভ্রাতিলোভা। সেখানেই জানিয়েছেন তাঁর সেই চির দুঃখের কথা, ‘স্বাধীন থাকা, নিজেই নিজের ভাগ্য গড়া এবং অর্জনের জন্য আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছিল। আমার দেশে গণতন্ত্র এসেছিল কিন্তু ১৫ বছর পর। চেক প্রজাতন্ত্র এক মহান দেশ, আগেও ছিল। কিন্তু যাঁরা ক্ষমতায় ছিলেন তাঁর ঠিক ছিলেন না।’
তাঁর আমেরিকায় পাড়ি জমানোর যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে আরও একটা ‘দুঃখ প্রকাশ’ করলেন নাভ্রাতিলোভা। ক্যারিয়ারের প্রথম ছয় বছর কোনো কোচ ছিল না তাঁর, কোচ রাখতেই দেওয়া হয়নি। নাভ্রাতিলোভার বিশ্বাস, শুরু থেকেই ভালো কোচ পেলে কোর্টে নিজের সেরাটা আরও আগে থেকেই দিতে পারতেন! আইএএনএস।