হঠাৎ করেই ম্যাচ ফিক্সিং বিতর্কে টেনিস বিশ্ব টালমাটাল। বিবিসি ও বাজফিড জানিয়েছে, গত এক দশকে টেনিসের শীর্ষ ৫০ খেলোয়াড়ের মধ্যে অন্তত ১৬ জন ম্যাচ পাতানোতে জড়িত ছিলেন। এর মধ্যে বেশ কয়েকজন গ্র্যান্ড স্লামজয়ীও আছেন। তবে নির্দিষ্ট কারও নাম এখন পর্যন্ত আসেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেছে, এর মধ্যে শীর্ষ খেলোয়াড়দের কেউ নেই তো? মারে, ফেদেরার, নাদাল, জোকোভিচের ‘বিগ ফোর’ কি এই কলঙ্ক থেকে মুক্ত?
এমন একটা কেলেঙ্কারির খবরে এই ফিসফাস উঠবেই। সেটি পৌঁছেছে রজার ফেদেরারের কানেও। ১৭ বারের গ্র্যান্ড স্লামজয়ীর প্রশ্নগুলোও বেশ যৌক্তিক, ‘আমি কিছু নাম শুনতে চাই। সে ক্ষেত্রেই শুধু আপনি বাস্তব কিছু বলতে পারবেন। সেটা নিয়ে তর্কও করতে পারবেন। কাজটা কি কোনো খেলোয়াড়ের ছিল? নাকি তাঁদের কোনো স্টাফের? এসব কবে হয়েছে? কাজটা কি এককে না দ্বৈতে? সেটা কোন স্লামেই বা হয়েছে?’
জোকোভিচ অবশ্য জানিয়েছিলেন, তাঁর কাছেও এমন প্রস্তাব এসেছিল। তবে ফেদেরার বলছেন, এ রকম কিছু এর আগে শোনেননি, ‘সত্যি বলতে কি, এসব কোত্থেকে এসেছে সেটা আমি জানি না। আমি আগে এ রকম কিছুই শুনিনি। খেলোয়াড়দের একটা আড্ডায় একজন কথাটা বলেছিল। আমার কোনো ধারণাই ছিল না এ ব্যাপারে। আর আমাকে কখনো প্রস্তাবও দেওয়া হয়নি।’ তবে কাজটা যদি আসলেই কেউ করে থাকে, তাদের ব্যাপারে বিন্দুমাত্র সহানুভূতি নেই ফেডেক্সের, ‘আমার মনে হয় এটা খুবই গুরুতর একটা ব্যাপার। খেলার মর্যাদার রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর খেলায় এমন কিছুর কোনো স্থান নেই। কেউ এ রকম করলে তার প্রতিও আমার সহানুভূতি নেই।’
নোভাক জোকোভিচ অবশ্য এখনই এ ব্যাপারে অতটা উদ্বিগ্ন নন। তাঁর যুক্তিটাও ফেদেরারের কাছাকাছি, ‘আমার মনে হয় না এটা এ খেলার ওপর খুব বড় কোনো ছায়া। মানুষজন অনেক কিছুই বলছে, খেলোয়াড়দের নাম অনুমান করার চেষ্টা করছে। কিন্তু এ মুহূর্তে খেলছেন—এমন খেলোয়াড়দের নিয়ে কোনো বাস্তব প্রমাণ বা সাক্ষ্য পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা এমন, ততক্ষণ এটা একটা ধারণা হয়েই থাকবে।’ ইউএসএ টুডে।