নাসতাসে-কাণ্ডে উত্তপ্ত টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তাকর্মীরা একরকম ঠেলা-ধাক্কা দিয়েই স্টেডিয়ামের বাইরে নিয়ে গেলেন ইলি নাসতাসেকে। পরশু বুখারেস্টে ফেড কাপের ম্যাচে গ্রেট ব্রিটেনের খেলোয়াড় ও আম্পায়ারকে গালি দিয়ে বহিষ্কৃত হয়েছেন রোমানিয়ার নন-প্লেয়িং অধিনায়ক l রয়টার্স
নিরাপত্তাকর্মীরা একরকম ঠেলা-ধাক্কা দিয়েই স্টেডিয়ামের বাইরে নিয়ে গেলেন ইলি নাসতাসেকে। পরশু বুখারেস্টে ফেড কাপের ম্যাচে গ্রেট ব্রিটেনের খেলোয়াড় ও আম্পায়ারকে গালি দিয়ে বহিষ্কৃত হয়েছেন রোমানিয়ার নন-প্লেয়িং অধিনায়ক l রয়টার্স

বিতর্ক শব্দটা বোধ হয় খুব পছন্দ ইলি নাসতাসের। নইলে বারবার কেন বিতর্কিত কারণে সংবাদ শিরোনাম হচ্ছেন! টেনিসে র‍্যাঙ্কিং-প্রথা শুরুর পর প্রথম শীর্ষস্থান পাওয়া এই পুরুষ খেলোয়াড় গত শুক্রবার সেরেনা উইলিয়ামসের অনাগত সন্তানের গায়ের রং কী হতে পারে, তা নিয়ে টুইট করে ঝড় তুলেছিলেন। পরশু ফেড কাপে রোমানিয়া-গ্রেট ব্রিটেন ম্যাচে আবার হুলুস্থুল ফেললেন। চেয়ার আম্পায়ার, প্রতিপক্ষ অধিনায়কসহ এক খেলোয়াড়কে অশ্রাব্য ভাষায় গালাগাল করলেন। ফল, প্রথমে কোর্ট থেকে এবং পরে স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হলো রোমানিয়ার নন-প্লেয়িং অধিনায়ককে।

পরশু ফেড কাপের ওয়ার্ল্ড গ্রুপে রোমানিয়ার সোরানা কারস্টেয়ার বিপক্ষে খেলছিলেন ব্রিটেনের জোহানা কন্তা। ম্যাচের পুরোটা সময়ই রাগে গজগজ করা নাসতাসেকে দুবার অসদাচরণের কারণে সতর্ক করেন আম্পায়ার। তাতে অবশ্য কাজ হয়নি, উল্টো আম্পায়ারকে গালি দিয়ে বলে বসেন, ‘এটা নাট্যশালা নয়, আপনার সমস্যা কী?’ এরপর কন্তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। হতভম্ব কন্তা কোর্টেই কেঁদে ফেলেন। এ সময়ে ২৫ মিনিট খেলা বন্ধ থাকে। এরপরই নিরাপত্তাকর্মীরা নাসতাসেকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান।

পরে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) নাসতাসের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে আরও তদন্তের ঘোষণা দিয়েছে, ‘এই ঘটনা ও নাসতাসের আগের মন্তব্য নিয়ে আইটিএফ তদন্ত করবে। আইটিএফ কোনো ধরনের বৈষম্যমূলক ও বাজে মন্তব্য বা আচরণ মেনে নেবে না।’

‘দেখি (বাচ্চার) গায়ের রং কী হয়। দুধ ও চকলেটের মিশেল কি?’—শুক্রবার সেরেনার অনাগত সন্তানকে নিয়ে রোমানিয়ান ভাষায় এই টুইট করেই ঝড় তুলেছিলেন নাসতাসে। শুধু এবারই নয়, আগেও নাকি তিনি অনেকের সম্পর্কে এমন অনেক বাজে মন্তব্য করেছেন। সাবেক টেনিস তারকা প্যাম শ্রাইভার গতকাল অভিযোগ করেছেন, তাঁকে দেখলেই নাকি বাজে মন্তব্য ছুড়ে দিতেন নাসতাসে। ‘তুমি কি এখনো কুমারী’—দেখা হলেই নাকি এই প্রশ্নটা করতেন।

নাসতাসে-কাণ্ডের দিনে ব্রিটেনকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে রোমানিয়া। এএফপি, বিবিসি।