নাসতাসেকে সেরেনার তোপ

বেশি দিন চুপ থাকতে পারলেন না সেরেনা উইলিয়ামস। মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় অবশেষে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন। অনাগত সন্তান নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় রোমানিয়ার সাবেক টেনিস গ্রেট ইলি নাসতাসেকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সেরেনা। ‘বর্ণবাদী’ নাসতাসেকে নিয়ে তদন্তে নামায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) প্রশংসাও করেছেন পরশুই আবার র্যা ঙ্কিং শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করা সেরেনা।
সেরেনা সন্তান নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার নাসতাসে বেমক্কা বলে বসেন, ‘দেখি (বাচ্চার) গায়ের রং কী হয়। দুধ ও চকলেটের মিশেল কি?’ এই মন্তব্যেই সমালোচনার ঝড় ওঠে। তারপর ফেড কাপে আম্পায়ার ও প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের খেলোয়াড়দের গালিগালাজ করে বহিষ্কৃত হয়ে আবারও শিরোনাম হন রোমানিয়ার নন-প্লেয়িং অধিনায়ক নাসতাসে।
সেরেনা মুখ খোলেন পরশু। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক, ‘এই ভেবে খুব খারাপ লাগছে যে আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে ইলি নাসতাসের মতো মানুষেরা আমাকে ও আমার অনাগত সন্তানকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে, বাজে কথা বলে আমার সতীর্থদেরও।’
কারও বর্ণবাদী আচরণে যে তিনি ঘাবড়ে যাওয়ার পাত্রী নন, মায়া অ্যাঞ্জেলুর কবিতা উদ্ধৃত করে তা বুঝিয়ে দিয়েছেন সেরেনা, ‘আমার উৎফুল্লতা কি তোমাকে হতাশ করে। বিষাদের সঙ্গে তোমার বসবাস কেন? তুমি তোমার কথা দিয়ে আমাকে বিদ্ধ করতে পারো, ঘৃণা দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো। কিন্তু তারপরও আমি বাতাসের মতো জেগে উঠবই।’
বর্ণবাদের শিকার এর আগেও হয়েছেন সেরেনা। ২০০১ সালে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল চলার সময় দর্শকেরা বর্ণবাদী মন্তব্য ছোড়ে সেরেনার উদ্দেশে। ফল, টানা ১৪ বছর ওই টুর্নামেন্টে খেলেননি উইলিয়ামস বোনেরা।
শুধু সেরেনাই নন, রোমানিয়ার কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমানেচিও পরশু সমালোচনা করেছেন ৭০ বছর বয়সী নাসতাসের। অলিম্পিকে দশে দশ পাওয়া প্রথম জিমন্যাস্ট টুইট করেছেন, ‘ইলি (নাসতাসে) আমার অনেক পুরোনো বন্ধু। তবে ওর সাম্প্রতিক কুৎসিত ও অশোভন মন্তব্যগুলোর সাফাই গাইতে পারি না আমি।’
আগের দিন অবশ্য উল্টো কথাই বলেছিলেন ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিক মাতানো কোমানেচি। ‘আসলে সে (নাসতাসে) যা বলে, সেটা তার মনের কথা না। সে ইলি বলেই তাকে রোমানিয়ার সবাই ভালোবাসে’—এই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন কোমানেচিও। রয়টার্স, এএফপি।