নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনাস উইলিয়ামস,জোহানা কন্তা, মুগুরুজা ও  রিবারিকোভা
ভেনাস উইলিয়ামস,জোহানা কন্তা, মুগুরুজা ও রিবারিকোভা

এরই মধ্যে যা করেছেন জোহানা কন্তা, সেটাই বা কম কী! ৩৯ বছরের মধ্যে ব্রিটেনের প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে উঠে গেছেন উইম্বলডনের সেমিফাইনালে। কিন্তু এখানেই থেমে থাকতে চান না ২৬ বছর বয়সী কন্তা। ট্রফি জিতেই শেষ করতে চান স্বপ্নযাত্রা। ১৯৭৭ সালে ব্রিটিশ নারী প্রতিযোগী হিসেবে সর্বশেষ উইম্বলডন জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। এই টেনিস-গ্রেটের পাশে নিজেকে বসাতে কন্তার চাই আর দুটি জয়। যার একটি আজ সেমিফাইনালে, ভেনাস উইলিয়ামসের বিপক্ষে।

র‍্যাঙ্কিংয়ে অবশ্য ৩৭ বছর বয়সী ভেনাসের চেয়ে এগিয়ে কন্তা। ১১ নম্বরে অবস্থান ভেনাসের। কন্তা সপ্তম। তবে অভিজ্ঞতায় ভেনাসের চেয়ে যোজন যোজন পিছিয়ে কন্তা। ৭টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ভেনাস। এখানে কন্তা শূন্য। তবে মুখোমুখি লড়াইয়ে কিন্তু আমেরিকান প্রতিপক্ষের চেয়ে এগিয়ে কন্তা। পাঁচবার কোর্টে সাক্ষাৎ হয়েছে দুজনের। দুবার জিতেছেন ভেনাস, তিনবার কন্তা। তবে সর্বশেষ লড়াইয়ে, ২০১৫ সালে উহান ওপেনের কোয়ার্টার ফাইনালে কন্তাকে হারিয়ে দিয়েছিলেন ভেনাস। আজ সেই ম্যাচের পুনরাবৃত্তিই চাইবেন ভেনাস। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে পরশু ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে এরই মধ্যে উইম্বলডনের একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সেরেনা। টুর্নামেন্টের মূলপর্বে সেরেনার সবচেয়ে বেশি ৮৬ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। আজ জিতলেই নতুন উচ্চতায় তুলবেন নিজেকে। এটা শুধু ম্যাচ জয়ের দিক থেকেই নয়, আরও একটা দিক থেকেও। তবে ২৩ বছরের মধ্যে টুর্নামেন্টের ফাইনালে ওঠা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী প্রতিযোগী।

শুধু ভেনাস-কন্তার সামনেই নয়, ইতিহাসের হাতছানি স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভার সামনেও। স্লোভাকিয়ান এই প্রতিযোগী প্রথমবারের মতো উঠে এসেছেন টুর্নামেন্টের সেমিফাইনালে। শেষ আটে যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডারওয়েকে হারিয়ে দিয়ে গত নয় বছরের মধ্যে টুর্নামেন্টের সেমিতে ওঠা সবচেয়ে কম র‍্যাঙ্কধারী খেলোয়াড়ও হয়েছেন তিনি। তবে ৮৭তম র‍্যাঙ্কধারী রিবারিকোভার সামনে আরও বড় অর্জনের হাতছানি। অবাছাই হিসেবে খেলতে এসে উইম্বলডনের ফাইনালে খেলার গল্পটা টেনিস-পরবর্তী জীবনে শোনাতে পারবেন নাতি-নাতনিদের! আর এর জন্য সেমিফাইনালে তাঁকে হারাতে হবে ১৪তম বাছাই গারবিনিয়ে মুগুরুজাকে।

সেমিফাইনাল লাইনআপ

মুগুরুজা-রিবারিকোভা

ভেনাস উইলিয়ামস-জোহানা কন্তা