নির্ভয়েই খেলছেন অস্ট্রেলিয়ার লিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিসা মাইস
লিসা মাইস

রমনা টেনিস কমপ্লেক্সের ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন লিসা মাইস। হেডফোন কানে লাগিয়ে কখনো গানের সুরে মাথা দোলাচ্ছিলেন। কখনো পাশে বসা মা কেরি মাইসের সঙ্গে খুনসুটি। কোর্টে নামার আগে নির্ভারই দেখাচ্ছিল অস্ট্রেলিয়ান মেয়েটিকে। আইটিএফ জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে গত সোমবার ঢাকা এসেছেন লিসা। বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য এখনো সতর্কতা জারি রেখেছে সে দেশের সরকার। কিন্তু ঢাকায় আসতে তাঁর মধ্যে কোনো দ্বিধাই নাকি জাগেনি!
নিরাপত্তাকে কারণ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসার ব্যাপারে উদ্বিগ্ন ছিল সকারুরাও। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য ফিফা-এএফসির কাছে দেনদরবারও করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হচ্ছে ১৭ নভেম্বর।
লিসার মা কেরি বলছিলেন, ‘অস্ট্রেলিয়ার পত্রপত্রিকায় সকারুদের খবর পড়েছি। ক্রিকেটের ঘটনাও শুনেছি। আমি জানি, ঢাকায় খেলতে আসবে সকারুরা। সব ভেবে বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশনে যোগাযোগ করি এখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে। হাইকমিশন থেকে আমাদের আশ্বস্তই করা হয়েছে।’ শুধু তো হাইকমিশনের সবুজসংকেতই নয়, নিজেদের তরফেও বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর করেছে মাইস পরিবার। ‘আমার চার বন্ধু ব্যবসার কাজে কয়েক দিন আগে ঢাকা ঘুরে গিয়ে বলেছে এখানে কোনো সমস্যা নেই। আমরা কোনো সমস্যায় পড়িনি। এখানকার নিরাপত্তাব্যবস্থা বেশ ভালো’—বললেন কেরি মাইস।
এই টুর্নামেন্টে খেলছে ভারত, হংকং, চীনা তাইপে, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ফিলিপাইন, হল্যান্ড, শ্রীলঙ্কা ও সিরিয়ার ৫১ জন খেলোয়াড়। বিমানবন্দর থেকেই খেলোয়াড়দের জন্য নিরাপত্তা দিয়েছে টেনিস ফেডারেশন। টেনিস কমপ্লেক্স ও হোটেলে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কমপ্লেক্সের বাইরেও তাই। গত ২ নভেম্বর অবশ্য টেনিস কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়া রাজনৈতিক মিছিল দেখে একটু ভড়কে গিয়েছিলেন লিসা। তবে টেনিসের কর্মকর্তারাই তাঁকে বুঝিয়েছেন, এটা নিয়মিত রাজনৈতিক কর্মসূচি। ভয়ের কিছু নেই। সিডনির বাসিন্দা লিসা অস্ট্রেলিয়ার জুনিয়র র্যাঙ্কিংয়ের চারে আছেন। এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন ভারতের গৌরী আগারকে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই এখন তাঁর চোখে।