নির্মম, কিন্তু এটাই সত্যি - নাদাল যুগের শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার হতাশায় ডুবতে হয়েছে নাদালকে। ছবি: এএফপি
আরও একবার হতাশায় ডুবতে হয়েছে নাদালকে। ছবি: এএফপি

শেষের ডাকটা কি এবার শুনতে পাচ্ছেন রাফায়েল নাদাল? টেনিস কোর্টে এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। অথচ ২০০৪ সালের পর প্রতিবছর অন্তত একটা গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কিন্তু এবার সেটাও হলো না, ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো। রুদ্ধশ্বাস পাঁচ সেটের পর নাদাল ৬-১, ২-৬, ৬-৪, ৩-৬, ৭-৬ (৮/৬) গেমে হেরে গেছেন ফ্রেঞ্চ টেনিস খেলোয়াড় লুকাস পলির কাছে।
হাঁটুর চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। পরে কবজির চোটে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের পরেই সরে যেতে হয়েছে। উইম্বলডনে আর খেলতেই পারেননি। ইউএস ওপেনই ছিল একমাত্র আশার প্রদীপ হয়ে। কিন্তু সেটিও এবার নিভে গেল, শেষ আটে উঠতে না পারার ব্যর্থতা নিয়েই বিদায় নিতে হচ্ছে নাদালকে।
শেষ সেটে ২-৬ ব্যবধানে পিছিয়ে থাকার পরও দারুণভাবে ফিরে এসেছিলেন নাদাল, তিনটি ম্যাচ পয়েন্টও বাঁচিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। উইনার মারতে গিয়েই পলিকে এনে দিলেন আনন্দের উপলক্ষ। সেট নিয়ে নাদালের অবশ্য খেদ নেই, ‘আমি শেষ পর্যন্ত লড়াই করেছি। হয়তো আরও কিছু জিনিস আমি ঠিক করতে পারতাম, কিন্তু আমি ঠিক মানসিকতা নিয়েই খেলেছি। আমার হয়তো আরও কিছু করা উচিত ছিল, যেটা আজ সম্ভব হয়নি।’

গত অলিম্পিকে দারুণ খেলতে খেলতে সেমিফাইনালে বিদায় নেন। ডাবলসে সোনাও জিতেছিলেন। কিন্তু নাদাল আবারও সেই পুরোনো বৃত্তে। তাও আগের চেয়েও একধাপ পিছিয়ে পড়ে!