নিশিকোরিতে মুগ্ধ আগাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুব কাছে গিয়েও পারেননি। ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচের কাছে সরাসরি সেটে হারায় ইউএস ওপেনের শিরোপাটা হাতছাড়া হয়েছে কেই নিশিকোরির। অনেকের চোখে তিনি ব্যর্থ হতে পারেন, তবে আন্দ্রে আগাসির চোখে নন। জাপানি এই টেনিস খেলোয়াড় মুগ্ধ করেছেন ৮টি গ্র্যান্ড স্লাম জেতা আগাসিকে। এতটাই যে, খুব শিগগির যে নিশিকোরি প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জিতবেন তাতেও সন্দেহ নেই মার্কিন কিংবদন্তির।
কাল টোকিওতে জাপানি টেনিসের এই নতুন সেনসেশনের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলেছেন ৪৪ বছর বয়সী আগাসি। এই বয়সেও নিশিকোরির পাওয়ার সার্ভিসগুলো দারুণভাবে ফিরিয়ে দিয়ে বুঝিয়েছেন, র্যাকেট তুলে রাখলেও শরীরে তাঁর মরচে ধরেনি। নিশিকোরি-স্তুতি অবশ্য ওই প্রীতি ম্যাচ শেষে। বলেছেন, ‘ছেলেটা ইউএস ওপেনের শিরোপা থেকে মাত্র একটা ম্যাচ দূরে ছিল। জিততে পারেনি সম্ভবত টুর্নামেন্টজুড়ে শারীরিক ধকলের কারণে, আর কিছুটা দুর্ভাগ্য তো বটেই। তবে আমার মনে কোনো সংশয় নেই যে, ও শিগগিরই একটা গ্র্যান্ড স্লাম জিতবে। ও সেই অল্প কয়েকজন খেলোয়াড়ের একজন যাদের খেলা দেখতে আমি টাকা খরচ করতে রাজি আছি।’ এএফপি।