পরাজয়ে শুরু নাদালের
অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের মাস দুয়েক পর পেশাদার সার্কিটে পরশুই প্রথম খেললেন রাফায়েল নাদাল। তবে ফেরাটা সুখকর হলো না। দোহায় কাতার ওপেনের প্রথম রাউন্ডে হেরে গেলেন অবাছাই প্রতিযোগী জার্মানির মাইকেল বেরারের কাছে। স্কোরলাইন ১-৬, ৬-৩, ৬-৪। এই হার অস্ট্রেলিয়ান ওপেনের আগে নাদালের জন্য একটা সতর্কবার্তা। ১৯ জানুয়ারি শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্লাম।
দিন কয়েক আগেই আবুধাবির প্রদর্শনী এক টুর্নামেন্টে হেরে যান নাদাল। অ্যান্ডি মারের কাছে সেই হারের পর নাদাল জানিয়েছিলেন, ম্যাচের ফলাফল নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তবে পরশু ১২৭ র্যা ঙ্কধারী ৩৪ বছর বয়সী বেরারের কাছে হারের পর এখন অস্ট্রেলিয়ান ওপেনেই খেলা নিয়ে সংশয়ে নাদাল, ‘ছোটখাটো অনেক কিছুই আজ আমার পক্ষে কাজ করেনি। চোট কাটিয়ে এটি ছিল আমার তৃতীয়বার ফেরা। দুটো মাস কেমন যায় এখন দেখতে হবে আমাদের। শুরুটা ভালো করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। আমি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে চাই এবং এটার জন্য কাজ করে যাচ্ছি। জানি না সেখানে আমার খেলা হবে কি না।’
শুধু অ্যাপেন্ডিসাইটিস নয়, গত বছর পিঠের এবং কবজির চোটেও ভুগেছেন নাদাল। সব মিলিয়ে ২০১৪ সালের শেষ ছয় মাসে খুব কমই টেনিস খেলেছেন। কম খেলা কিংবা কোর্টে দীর্ঘ অনুপস্থিতির একটা প্রভাব তো আছেই। নাদাল ঠিকই উপলব্ধি করতে পারছেন, অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির জন্য তাঁর করণীয় এখন একটাই—যথাসম্ভব বেশি অনুশীলন করে যাওয়া। এএফপি।