প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় দমকা বাতাস বইছিল। সেরেনা উইলিয়ামসও খাবি খেতে লাগলেন কোর্টে। প্রথম সেটটা তো হেরেই গেলেন স্পেনের গারবিন মুগুরুজার কাছে। তাহলে কি গত বছরের ফ্রেঞ্চ ওপেনের মতো আবারও মুগুরুজার কাছেই হারতে চলেছেন? সেরেনার কপালে উদ্বেগের চিকচিকে বিন্দু। এমন সময় কোর্টের পাশ থেকে একজন দর্শক চেঁচিয়ে উঠলেন, ‘আরে, বলের স্পিনটা কাজে লাগাও।’ কাকতালই বটে, সেরেনা সেটা করার কথাই ভাবছিলেন তখন। টনিকের মতোই কাজ করল সেটি। পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিলেন ম্যাচ, উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে। সেরেনা পরে নিজেই জানিয়েছেন এই ঘটনার কথা। কিন্তু এই উপকারী ভক্ত কে? সেরেনা সেটা জানেন না। তবে সেই ভক্ত প্রিয় তারকার কথা নিশ্চয়ই শুনেছেন। পরের ম্যাচগুলোতেও সেরেনা তাঁকে দর্শক সারিতে আশা করতেই পারেন! রয়টার্স।