পা পিছলে কপাল পুড়ল সেরেনার, দ্বিতীয় রাউন্ডে ভাগ্যবান ফেদেরার

কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন সেরেনা উইলিয়ামস।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এবারের উইম্বলডনেরও ছোঁয়া হলো না সেরেনা উইলিয়ামসের। যুক্তরাষ্ট্রের নারী টেনিস তারকা যে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আজ।

না, বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের কাছে হারেননি ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। প্রথম সেটে ৩–১ গেমে এগিয়ে যাওয়ার পর সেরেনা পিছলে পড়ে আহত হন। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন সেরেনা। এরপর সাসনোভিচ ৩–৩ করার পর আর চালিয়ে যেতে পারেননি সেরেনা।  কাঁদতে কাঁদতেই অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছেড়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা।

উইম্বলডনে আজ পা পিছলে কপাল পুড়েছে আদ্রিয়ান মানারিনোরও। নিজের ৩৩তম জন্মদিনে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানারিনো পেয়েছিলেন রজার ফেদেরারকে। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা যিনি রাফায়েল নাদালের সঙ্গে ভাগাভাগি করছেন। ফরাসি খেলোয়াড় জন্মদিনটাকে স্মরণীয় করার সুযোগও পেয়ে গিয়েছিলেন। সবচেয়ে বেশি উইম্বলডন জয়ী ফেদেরারের বিপক্ষে জয়ের সম্ভাবনা যে তৈরি করতে পেরেছিলেন মানারিনো।

হাঁটুর ব্যথায় কাতরাচ্ছেন আদ্রিয়ান মানারিনো।
ছবি: রয়টার্স

প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে এগিয়ে গিয়ে গিয়েছিলেন মানারিনো। চতুর্থ সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ফেদেরার। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৬–২ গেমে সেটটা জিতে সমতা ফেরান। দুর্ঘটনা ঘটল ওই সেট চলার সময়েই। ফেদেরার যখন ৪–২ গেমে এগিয়ে পা পিছলে কোর্টে পড়ে যান মানারিনো। হাঁটুতে প্রচণ্ড আঘাত পান ফেদেরারের বিপক্ষে কখনো না জেতা ফরাসি খেলোয়াড়। কোনো রকমে চতুর্থ সেটটা শেষ করলেও পঞ্চম সেটটা আর শুরু করতে পারেননি মানারিনো। চোটের কাছে হার মেনে ম্যাচ ছেড়ে দেন।

আর তাতে নিশ্চিত হয়ে যায় ৩৯ বছর বয়সী ফেদেরারের দ্বিতীয় রাউন্ডে ওঠা। মানারিনো যখন হার মেনে নেন ৬–৪, ৬–৭ (৩/৭), ৩–৬, ৬–২ গেমে সমতায় ছিল ম্যাচ। পঞ্চম সেটের ফল কী হতো কে জানে! 'আমার ভাগ্য ভালো ছিল'—দ্বিতীয় রাউন্ডে ওঠার পর ফেদেরারের অকপট স্বীকোরোক্তি।

মানারিনো ভয় পাইয়ে দিয়েছিলেন ফেদেরারকে।
ছবি: রয়টার্স

মানারিনোর সুস্থতা কামনা করেছেন হাঁপ ছেড়ে বাঁচা ফেদেরার, 'এটা ভয়ানক ব্যাপার। এই ঘটনা আমাদের দেখিয়েছে একটা শট কীভাবে ম্যাচ, মৌসুম এমনকি ক্যারিয়ারেরও মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি তাঁর সুস্থতা কামনা করি, আশা করি সে খুব তাড়াতাড়িই ফিরতে পারবে। সে আমার চেয়ে ভালো করছিল আজ। সে জিততেও পারত। আমি একটু হলেও ভাগ্যবান।'

দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের রিচার গাসকে অথবা জাপানের ইউয়িচি সুগিতার বিপক্ষে খেলবেন ফেদেরার।