পাঁচ বছর উইলিয়ামস বোনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর আবারও কি তাহলে অস্ট্রেলিয়ান ওপেন জিততে চলেছেন সেরেনা উইলিয়ামস?
২০১০ সালে যেবার সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা, চতুর্থ রাউন্ডে উঠেছিলেন বড় বোন ভেনাসও। পরের চার বছরে মেলবোর্নে সর্বোচ্চ তৃতীয় রাউন্ডে ওঠা ভেনাস কাল নিশ্চিত করেছেন শেষ ষোলোতে ওঠা। গত চার বছরে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে সেরেনার দৌড়ও ছিল সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল। ভবিষ্যদ্বাণীটা এই দুই মিলিয়েই করা।
কাল তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা ৪-৬, ৬-২, ৬-০ গেমে ইউক্রেনের এলিনা স্ভিতোলিনাকে ও ভেনাস ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-১ গেমে ইতালির কামিলা জর্জিকে হারিয়েছেন। ২০১১ সালের উইম্বলডনের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে উঠলেন ভেনাস।
উইলিয়ামসরা বাধা পেরোলেও হেরে গেছেন দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। চতুর্থ বাছাই চেক মেয়ে হেরেছেন যুক্তরাষ্ট্রের অবাছাই ম্যাডিসন কিসের কাছে। তবে জিতেছেন ২০১২ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
ছেলেদের বিভাগে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ স্পেনের ফার্নান্দো ভারদাসকোকে ৭-৬ (১০/৮), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে উঠে গেছেন শেষ ষোলোয়। ‘জোকারের’ সঙ্গী হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কাও। রয়টার্স।