পুলিশের ভুলে হাতকড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের সাবেক ৪ নম্বর খেলোয়াড়, ক্যারিয়ারে ১০টি শিরোপা জিতেছেন, ২০১৩ সালে অবসর নেওয়ার আগে টেনিস থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ ডলার। হার্ভার্ডে লেখাপড়া করা ৩৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক এই টেনিস তারকার হাতে কিনা হাতকড়া! পরশু ইউএস ওপেন দেখতে যাবেন বলে ব্লেক ম্যানহাটনের হোটেল থেকে বেরিয়ে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। এমন সময় হুট করেই মূর্তিমান আতঙ্কের মতো হাজির পুলিশ। কোনো কথা ছাড়াই দাগি অপরাধীর মতো ব্লেকের হাতে হাতকড়া লাগিয়ে মেঝেতে দিল ফেলে। তাঁর পা ও কনুইয়ে চোট লাগলেও পুলিশের তাতে ভ্রুক্ষেপ নেই! ঘটনার আকস্মিকতায় হতভম্ব এই সাবেক তারকা আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগই পাননি। এক পথচারী তাঁকে চিনে ফেলাতেই ১৫ মিনিট পর পেলেন ছাড়া। মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত এক চক্রের সদস্য ভেবে তাঁকে পাকড়াও করা হয়েছিল, বিবৃতিতে জানিয়েছে পুলিশ। নিজে কৃষ্ণাঙ্গ, পাকড়াও হলেন পাঁচ শ্বেতাঙ্গ পুলিশের হাতে। ব্লেক এর মধ্যে পাচ্ছেন বর্ণবাদী গন্ধ, বর্ণবাদ এখন যুক্তরাষ্ট্রের সমাজেই বেশ আলোচিত। ঘটনাটি জেনে ব্লেকের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকা রজার ফেদেরার। এএফপি।