প্রথম রাউন্ড থেকেই বিদায় উইলিয়ামস বোনদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকটা দুঃস্বপ্নের মতো কাটল ভেনাস উইলিয়ামসের। এককে হেরেছেন গতকাল। ভেবেছিলেন, বোনের সঙ্গে দ্বৈতে জিতেই সেই দুঃখ কাটাবেন। কিন্তু তা আর হলো কই? দ্বৈতেও প্রথম রাউন্ডেই হেরে গেছেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস।
সিডনি থেকে লন্ডন চার অলিম্পিকে তিনবারই দ্বৈতের সোনা গিয়েছে উইলিয়ামস বোনদের কাছে। একমাত্র এথেন্স অলিম্পিকেই হাতছাড়া হয়েছিল দ্বৈতের সোনা। ভেনাসের তবু অজুহাত ছিল। সেবার যে বোনকে সঙ্গী হিসেবে পাননি তিনি। তাই এবারও দ্বৈতের সোনা তাঁদের কাছেই যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছিল। কদিন আগেই তো উইম্বলডনের শিরোপা জিতলেন দুই বোন।
সব ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করলেন লুসি সাফারোভা ও বারবোরা স্ট্রাইকোভা। চেক প্রজাতন্ত্রের এই জুটি উইলিয়ামস বোনদের হারিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে। সূত্র: এএফপি।