প্রস্তাব পেয়েছিলেন জোকোভিচও

বিবিসি আর বাজফিডের প্রতিবেদন নাড়িয়ে দিয়েছে টেনিস-বিশ্বকে। এটিপি সভাপতি ক্রিস কারমোড তারপরও বলেছেন, তাঁদের হাতে টেনিসের ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রমাণ নেই। কিন্তু প্রতিবেদন যে মিথ্যা নয়, তা তো নোভাক জোকোভিচের কথা শুনেই বোঝা যাচ্ছে। পুরুষ টেনিসের এক নম্বর খেলোয়াড় স্বয়ং দাবি করেছেন, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল তাঁর কাছেও।
বিবিসি আর বাজফিডের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাল মেলবোর্নে জোকোভিচ দিয়েছেন চমকে যাওয়ার মতো এই তথ্যাটা। ২০০৭ সালে রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গ ওপেনের আগে তাঁর কাছে প্রস্তাব এসেছিল ১ লাখ পাউন্ডের বিনিময়ে প্রথম রাউন্ডের ম্যাচটা হেরে যাওয়ার জন্য। তাঁর দাবি প্রস্তাবটি সরাসরি আসেনি, ‘আমাকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়নি। আমার সঙ্গে কাজ করেন এমন লোকদের মাধ্যমে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল।’
প্রস্তাব জোকোভিচ ফিরিয়ে দিয়েছিলেন। পরে ওই টুর্নামেন্টে আর খেলতেই যাননি। কী ভেবে ফিরিয়ে দিয়েছিলেন, সেটিও বলেছেন জোকোভিচ, ‘আমি মনে করি খেলায় এটা একটা অপরাধ। এটা সমর্থন করি না।’
সমর্থন করেন না মেয়েদের টেনিসের এক নম্বর সেরেনা উইলিয়ামসও। তাঁর কাছে অবশ্য কখনো ফিক্সিংয়ের প্রস্তাব আসেনি। এ কারণেই বিষয়টি সম্পর্কে তাঁর ধারণা নেই, ‘আমি নিজের কথাই শুধু বলতে পারব। আমি যখন খেলি, সেরাটা দিয়েই খেলি। যদি ফিক্সিং হয়েও থাকে, আমি সেসব জানি না।’ বিবিসি আর বাজফিডের প্রতিবেদন ফিক্সিংয়ে জড়িতদের চাপে রাখবে বলে মনে করেন রজার ফেদেরার। ডেইলি মেইল।