প্লিসকোভায় পিছলে গেল সেরেনার ইতিহাস

ক্যারোলিনা প্লিসকোভা ঠিক টেনিসের তারকা নন। এর আগে গ্র্যান্ড স্লামে কখনোই তৃতীয় রাউন্ডের গণ্ডিই পেরোনো হয়নি। সেই তিনিই উঠে গেলেন এবারের ইউএস ওপেনের ফাইনালে। সেটিও কাকে হারিয়ে? সেরেনা উইলিয়ামস! চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় ৬-২, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন সেরেনাকে।
মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটা তাই এবার হচ্ছে না সেরেনার। শুধু ২৩তম গ্র্যান্ড স্লামই নয়; সেরেনার মুঠো গলে বেরিয়ে গেল ১৮৭ সপ্তাহ ধরে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকার রেকর্ডটাও। ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারের মুখোমুখি হবেন প্লিসকোভা।
সেরেনার ভক্তরা এই অপ্রত্যাশিত পরাজয়ে চমকে গেছেন। চমকে গেছেন প্লিসকোভা নিজেই, ‘আমার একদমই বিশ্বাস হচ্ছে না। সব সময়ই জানতাম নিজের খেলাটা খেলতে পারলে আমি যে কাউকেই হারাতে পারব। কিন্তু সেরেনার মতো গ্রেট চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে যাওয়া, আমি রীতিমতো রোমাঞ্চিত। এক সেটে হেরে পরের সেটে যখন ব্রেক করছিলেন, তখনো উনি লড়াই করে গেছেন। আমাকে জেতার জন্য কী কঠিন পরিশ্রমটাই না করতে হয়েছে!’
বয়সে প্লিসকোভার চেয়ে দশ বছরের বড়। ৩৪ বছর বয়সে এসেও যে সেরেনা বাকিদের ওপর ছড়ি ঘুড়িয়ে যাচ্ছেন, এ তো রীতিমতো বিস্ময়ের। ফিটনেসের সঙ্গে তাঁকে লড়তে হয়েছে এই ম্যাচেও। পুরো ফিট থাকলে ম্যাচের ফল হয়তো অন্য রকমও হতে পারত। এই আক্ষেপ তো থাকবেই। তবে সেরেনা প্লিসকোভার পিঠ চাপড়ে দিতেও ভুললেন না, ‘ক্যারোলিনা অসাধারণ খেলেছে। ও এর চেয়ে একটু কম ভালো খেললে হয়তো আমার সুযোগ ছিল। আমি নিজে শতভাগ খেলাটা খেলতে পারিনি। কিন্তু সে সত্যিই ভালো খেলেছে। এই জয়টা ওর প্রাপ্য।’
স্টেফি গ্রাফকে পেরিয়ে যেতে তাই অপেক্ষা করতে হবে সেরেনাকে। সেই অপেক্ষা দীর্ঘায়িতও হচ্ছে। কারণ জানুয়ারির আগে আর কোনো গ্র্যান্ড স্লাম নেই। সেরেনা এখন সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকেই তাকিয়ে। সূত্র: এএফপি।