প্লিসকোভা বোনেরা তো আছেন
>

মা হতে যাচ্ছেন বলে উইম্বলডনে নেই বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। উইলিয়ামস বোনদের দ্বৈরথটা অল ইংল্যান্ড ক্লাবে এবার হচ্ছে না। তবে উইম্বলডন বোনদের লড়াই ঠিকই দেখবে। প্লিসকোভা বোনেরা আছেন না!
প্লিসকোভা বলতে টেনিস-বিশ্ব এখন অবশ্য ক্যারোলিনা প্লিসকোভাকেই বোঝে। টেনিংস র্যাঙ্কিংয়ে তিনে অবস্থান। এই তো দিন কয়েক আগেই যিনি ইস্টবোর্নে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে জিতেছেন এজন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার সঙ্গে তাঁকেই ধরা হচ্ছে এবারের উইম্বলডনের ফেবারিট।
বোনের মতো এতটা পাদপ্রদীপের আলোয় আসা হয়নি ক্রিস্টিনা প্লিসকোভার। তবে র্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশের মধ্যে উঠে এসে ক্রিস্টিনাও (৪৬) জানান দিয়েছেন তাঁর প্রতিশ্রুতি।
প্লিসকোভারা অবশ্য যমজ বোন। ২৫ বছর আগে চেক প্রজাতন্ত্রের লনিতে দুই মিনিট আগে-পরে জন্ম। দুই মিনিট আগে জন্মেছেন ক্রিস্টিনা। পরে ক্যারোলিনা। ‘বড়’ বোনকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে তরতর করে ক্যারোলিনা ওপরে উঠলেও, টেনিসে শুরুর দিনগুলোয় ক্যারোলিনার চেয়ে এগিয়ে ছিলেন ক্রিস্টিনাই। ক্যারোলিনার স্মৃতিচারণা, ‘আমাদের পরিবারে কেউ টেনিস খেলতেন না। তারপরও মা-বাবা চাইতেন আমরা টেনিস খেলি। চার বছর বয়সে টেনিস শিখতে শুরু করি আমরা। জুনিয়রে চেক প্রজাতন্ত্রের এক নম্বর খেলোয়াড় ছিল ক্রিস্টিনা। আমি দ্বিতীয়। ডব্লুটিএর মূল ট্যুরে যদিও আমার অবস্থান কিছুটা এগিয়ে।’
পুরুষ দ্বৈতের বিখ্যাত জুটি, যমজ দুই ভাই মাইক ব্রায়ান-বব ব্রায়ানের মতো প্লিসকোভা বোনেরা ছোটবেলায় বেশির ভাগ সময়ই একই সঙ্গে থাকতেন। ঘুমোতেন একই ঘরে। কাছাকাছি একই সময় দুজন ছেলেবন্ধুও পেয়ে গেছেন। টিভি প্রযোজক মিখাল হেরদিয়ালচিকার সঙ্গে প্রেম করছেন ক্যারোলিনা। আর ক্রিস্টিনার ছেলেবন্ধু এক আইস হকি খেলোয়াড়।
ডব্লুটিএ টুর্নামেন্ট খেলার জন্য প্রায়ই দেশের বাইরে থাকতে হয় দুই বোনকে। তবে সময় পেলেই তাঁরা ছুটে যান মা-বাবার কাছে। সেখানে চার বছরের সৎবোন আছে তাঁদের। মা-বাবার সঙ্গে তাঁদের এই ছুটে যাওয়া তার কারণেও।
টেনিস কোর্টে খেয়াল করলে দেখবেন দুই বোনের শরীরে উল্কি আঁকা। পলিনেশিয়ান উল্কি। ক্যারোলিনার বাহু ও পায়ে দুটি উল্কি। ক্রিস্টিনার বাহুতে একটি। ক্যারোলিনা বলছেন, এই উল্কিতে আগ্রহী হয়েছেন তাঁরা মা-বাবার কাছ থেকেই, ‘১৫ বছর বয়স থেকেই আমরা উল্কি করি।’
এর আগে ইউএস ওপেনের ফাইনাল (২০১৬) খেলেছেন ক্যারোলিনা। এ বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার এবং সেমিফাইনাল খেলেছেন। কিন্তু ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে কখনো দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবার সেই বাধা পেরোতে তো চানই, ক্যারোলিনা চান আরও বড় কিছু করতে, ‘আশা করছি এবার ব্যতিক্রম কিছু হবে।’
বলা বাহুল্য ব্যতিক্রমটা—শিরোপাও হতে পারে! সেরেনার কোচ মুরাতোগ্লু তো পেত্রা কেভিতোভার সঙ্গে উইম্বলডনের ফেবারিট দেখছেন ক্যারোলিনা প্লিসকোভাকেও, ‘অন্যদের চেয়ে পেত্রা-ক্যারোলিনা প্লিসকোভা এবং আর কয়েকজন খেলোয়াড় এখানে সুবিধা পাবে। কারণ তাদের খেলার ধরনটা ঘাসের কোর্টের সঙ্গে বেশি মানানসই।’
ক্রিস্টিনার সম্ভাবনার কথা কেউ না বললেও একটা ক্ষেত্রে ‘ফেবারিট’ ক্যারোলিনার চেয়েও এগিয়ে সে। ২০১৫ সালেই যে উইম্বলডনের তৃতীয় রাউন্ড খেলেছেন ক্রিস্টিনা! মেইল অনলাইন।