ফটোশপের ফেদেরার
ঢোলে বাড়ি দিলে যা হয় আর কি! রজার ফেদেরারের ভারতীয় সমর্থকেরা এখন একের পর এক তাঁর ছবি ফটোশপ করে যাচ্ছেন। কোনোটিতে তাজমহলের সামনে ফেদেরার, কোনোটিতে তিনি রাজস্থানের মরুভূমিতে। কোথাও জিলাপি খাচ্ছেন রাস্তার পাশের দোকানে, কোথাও তাঁকে দেখা যাচ্ছে বানরের নাচ দেখাতে! ভাবছেন, হঠাৎ এসব কেন হচ্ছে? অনুমতিটা ফেদেরারই দিয়েছেন। আগামী মাসে প্রথম ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে খেলতে দিল্লিতে যাচ্ছেন। থাকবেন খুব অল্প কয়েক দিন। টুইটারেই তাই অনুরোধ করেছিলেন, দেশটির যেসব জায়গা দেখতে যাওয়ার মতো সেসব জায়গায় তাঁর ছবি দিয়ে যেন ফটোশপ করে পাঠায় ভারতীয় সমর্থকেরা। ব্যস, এর পর থেকেই এই ফটোশপের ধুম! এরই মধ্যে ফেদেরারের যে বেশ কয়েকটি জায়গা পছন্দ হয়েছে, সেটাও বোঝা গেছে। তাজমহল আর রাজস্থানের মরুভূমিতে উটের পিঠে চড়ার ছবি দুটিকে বেছে রিটুইট করেছেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী। এনডিটিভি।