ফরাসিদের স্বপ্ন ভেঙে ফাইনালে ভাভরিঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসিদের স্বপ্ন ভাঙলেন স্তানিসলাস ভাভরিঙ্কা। কাল ফ্রেঞ্চ ওপেনের পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-৩, ৬-৭ (১/৭), ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা। সোঙ্গার পরাজয়ে নিজেদের চ্যাম্পিয়ন পেতে ফরাসিদের অপেক্ষা গিয়ে ঠেকল ৩৩ বছরে। ১৯৮৩ সালে সর্বশেষ ফরাসি হিসেবে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ একক জিতেছিলেন ইয়ানিক নোয়া। যদিও ১৯৮৮ সালে সর্বশেষ ফাইনালে উঠেছেন অঁরি লেকঁত।
২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা আগামীকালের ফাইনালে পাবেন নোভাক জোকোভিচ কিংবা অ্যান্ডি মারেকে। কাল মারের সঙ্গে শুরুটা দুর্দান্ত করেছিলেন জোকোভিচ। প্রথম দুই সেট জিতেছেন ৬–৩, ৬–৩ গেমে। ৭–৫ গেমে পরের সেটটি জিতে ম্যাচে ফিরে এসেছেন মারে। এই প্রতিবেদন লেখার সময় ৩–৩ গেমে চতুর্থ সেট সমতায় থাকার পর ঝড়ের কারণে স্থগিত হয়ে যায় খেলা।
প্রথমবার প্যারিসের ফাইনালে ওঠার পথে মাত্র দুটি সেট খোয়ানো ভাভরিঙ্কার কণ্ঠে ম্যাচ শেষে সমবেদনাই ঝরেছে সোঙ্গার জন্য, ‘এটা খুব বড় এক লড়াই ছিল। শারীরিকভাবেও খুব কঠিন ছিল। তৃতীয় সেটে সে সুযোগ পেয়েছিল ব্রেক করার। তবে যা-ই হোক সেও টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে। আমার মতো সেও ফাইনালে ওঠার যোগ্য ছিল।’
সোঙ্গা ও ভাভরিঙ্কা এর আগে দুবার মুখোমুখি হয়েছেন ফ্রেঞ্চ ওপেনে। দুবারই লড়াই গড়িয়েছিল পাঁচ সেটে। যার একটিতে জেতেন ভাভরিঙ্কা, অন্যটিতে সোঙ্গা। তবে ডেভিস কাপে দুজনের সর্বশেষ চার সেটের লড়াইয়ে জিতেছেন রজার ফেদেরারের স্বদেশিই। এএফপি।