ফাইনালে কিনা এঁরা দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের জন্যই ব্যাপারটা স্বপ্নের মতো। একজন রজার ফেদেরারকে হারিয়েছেন, আরেকজন নোভাক জোকোভিচকে। প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠে মারিন চিলিচ (বাঁয়ে) ও কেই নিশিকোরির আনন্দ যেন বাঁধ মানতে চাইল না! l এএফপি
দুজনের জন্যই ব্যাপারটা স্বপ্নের মতো। একজন রজার ফেদেরারকে হারিয়েছেন, আরেকজন নোভাক জোকোভিচকে। প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠে মারিন চিলিচ (বাঁয়ে) ও কেই নিশিকোরির আনন্দ যেন বাঁধ মানতে চাইল না! l এএফপি

রাফায়েল নাদালের অনুপস্থিতিতে রজার ফেদেরার আর নোভাক জোকোভিচই ছিলেন টপ ফেবারিট। দুজনই সেমিফাইনালে ওঠার পর তো টেনিসপ্রেমীরা আরেকটি ফেদেরার-জোকোভিচ ফাইনাল দেখার প্রস্তুতিই নিচ্ছিলেন! কিন্তু পরশু রাতের ঝড়ে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন ফেদেরার-জোকোভিচ দুজনই। তাঁদের পরিবর্তে আজ ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি কেই নিশিকোরি ও মারিন চিলিচ।
শীর্ষ বাছাই জোকোভিচকে হারিয়ে দিনের প্রথম বিস্ময়টা উপহার দেন জাপানের নিশিকোরি। ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমের জয়ে গড়েছেন অনন্য এক ইতিহাস। জাপানের তো বটেই, গ্র্যান্ড স্লামের পুরুষ এককের ফাইনালে ওঠা প্রথম এশীয় তিনি। তখনো কি কেউ ভাবতে পেরেছিলেন চমকের বাকি আছে আরও? একজন হয়তো পেরেছিলেন—চিলিচ নিজে। নয়তো ফেদেরার নামক টেনিস-সম্রাটের মুখোমুখি হয়েও শুরু থেকেই কীভাবে এতটা আত্মবিশ্বাসী থাকেন ২৫ বছর বয়সী ক্রোয়েশিয়ান!
কোয়ার্টার ফাইনালে গায়েল মনফিলসের সঙ্গে প্রথম দুই সেটে হারার পরও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিতে পা রেখেছিলেন ফেদেরার। কিন্তু পরশু আত্মবিশ্বাসী চিলিচকে সেভাবে চ্যালেঞ্জই জানাতে পারেননি ফেদেরার। চিলিচ ম্যাচ জিতে নেন সরাসরি ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। ম্যাচ শেষে ১৪তম বাছাই চিলিচই বলেছেন, ‘প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত, আমি জীবনের সেরা টেনিসটা খেলেছি।’ নিশিকোরির মতো চিলিচেরও এটাই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। ১৯৭৭ সালের পর ইউএস ওপেন দুই প্রথম ফাইনালিস্টের ফাইনাল দেখছে প্রথম। ২০০৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ‘বিগ থ্রি’র (ফেদেরার-নাদাল-জোকোভিচ) কেউ নেই।
প্রথমবার ফাইনালে ওঠার উচ্ছ্বাসটা আজ একজনের আরও গাঢ় হবে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে। অথচ এবারের ইউএস ওপেনটা নিশিকোরি-চিলিচ দুজনের জন্য ছিল দুই রকম চ্যালেঞ্জের। ডোপ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ হওয়ায় গত বছর এই ইউএস ওপেন চিলিচকে দেখতে হয়েছে বাড়িতে বসে। আর চোটের কারণে নিশিকোরির তো এবারের ইউএস ওপেনটাই বাদ যাচ্ছিল প্রায়! পায়ের পাতার অস্ত্রোপচার করায় ইউএস ওপেনের আগে টরন্টো মাস্টার্স ও সিনসিনাটি মাস্টার্সে খেলতে পারেননি। জোকোভিচ-বধের পর উচ্ছ্বসিত নিশিকোরিই বলেছেন, ‘আমি টুর্নামেন্ট শুরুর মাত্র কদিন আগে অনুশীলন শুরু করি। আমি জানতাম না, আমি নিউইয়র্কে আসতে পারব কি না। বাস্তবিক পক্ষে আমি কোনো কিছুই আশা করতে পারছিলাম না।’ সেই নিশিকোরিকে নিয়েই এখন আশায় রঙিন পুরো জাপান।
সূর্যোদয়ের দেশ জাপানের অধিকাংশ মানুষেরই কাল ঘুম ভেঙেছে তাদের টেনিস নায়কের অনন্য কীর্তির খবর শুনে। জাপানের পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রশংসায় ভাসছেন তাদের ক্রীড়া ইতিহাসের নতুন নায়ক। যদিও নিশিকোরি বলেছেন, ‘ইতিহাস গড়া নিয়ে আমার তেমন আগ্রহ নেই।’ আগ্রহ না থাকলেও আজ জিতলেই নিশিকোরি নতুন করে লিখবেন ইতিহাসের আরেকটি অধ্যায়।
দুই প্রথম ফাইনালিস্টের ফাইনালে বাড়তি আকর্ষণ থাকবে তাঁদের শারীরিক বৈসাদৃশ্য। দৈত্যাকৃতি চিলিচের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। আর নিশিকোরির ৫ ফুট ১০ ইঞ্চি। এএফপি।