ফাইনালে জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭-৬ (৮/৬), ৩-৬, ৬-৪, ৪-৬, ৬-০। এবারও পাঁচ সেটের লড়াই। তবে গত দুবারের মতো জোকোভিচ-ভাভরিঙ্কা ম্যাচটা তুঙ্গস্পর্শী হলো না। রোমাঞ্চকর সমাপ্তির ইঙ্গিত দিয়েও শেষটা হলো একপেশে। শেষ সেটটা একতরফা জিতে পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। পঞ্চম শিরোপার অভিযানে নেমে জোকোভিচ প্রতিশোধও নিয়ে নিলেন। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালের মহাকাব্যিক লড়াইয়ে সার্ব জোকোভিচকে হারিয়েছিলেন সুইস ভাভরিঙ্কা। আগামীকালের পুরুষ এককের ফাইনালে শীর্ষ বাছাই জোকোভিচের প্রতিপক্ষ ব্রিটেনের অ্যান্ডি মারে।
৪৯টি আনফোর্সড এরর, প্রথম সার্ভিসে ৭০ ভাগ সাফল্য—জিতলেও জোকোভিচ কাল যেন ঠিক জোকোভিচ ছিলেন না। ম্যাচের পর সেটা স্বীকারও করেছেন, ‘যেভাবে খেলতে চেয়েছি ঠিক সেই পর্যায়ের খেলা খেলতে পারিনি। কিছু সময় যেভাবে খেলা দরকার সেভাবেই খেলেছি। আবার কিছু সময় রক্ষণাত্মক হয়ে তাকে কর্তৃত্ব করার সুযোগ দিয়েছি।’ অবশ্য সাতবার ভাভরিঙ্কার সার্ভিস ব্রেক করে নিজের জাতটা ঠিকই চিনিয়েছেন ‘জোকার’ জোকোভিচ। এএফপি, রয়টার্স।