ফাইনালে ভাভরিঙ্কার সামনে নাদাল
কী দারুণ প্রতিশোধই না নিলেন স্তান ভাভরিঙ্কা! গত বছর এই রোলাঁ গারোতে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন অ্যান্ডি মারের কাছে। এবার ব্রিটিশ তারকাকে হারিয়েই উঠে গেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।
৪ ঘণ্টা ৩৪ মিনিটের ম্যারাথন ম্যাচটি বিশ্বের এক নম্বর খেলোয়াড় হেরেছেন ৭-৬ (৮/৬), ৩-৬, ৭-৫, ৬-৭ (৩/৭) ও ১-৬ গেমে। অসাধারণ এই জয়ে একটি কীর্তিও গড়া হলো ৩২ বছর বয়সী ভাভরিঙ্কার। ৪৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন এই সুইস তারকা।
সেমিফাইনালের আগে কোনো সেট হারেননি তৃতীয় বাছাই ভাভরিঙ্কা। তবে কাল মারের কাছে প্রথম সেটেই হেরে যান। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে তুলে নেন অসাধারণ এক জয়। ২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা ফাইনালের প্রতিপক্ষ নয়বারের জয়ী রাফায়েল নাদাল। কাল দ্বিতীয় সেমিফাইনালে তিনি হারিয়েছেন অস্ট্রিয়ার বিস্ময় ডমিনিক থিমকে। ম্যাচটি নাদাল একতরফাভাবেই জিতেছেন। ৬–৩, ৬–৪, ৬–০ গেমে উড়িয়ে দিয়েছেন থিমকে।