ফিরছেন পুরোনো ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনে ধীরে ধীরে যেন নিজেকে ফিরে পাচ্ছেন রজার ফেদেরার। টমাস বার্ডিচকে হারিয়ে উঠে গেছেন শেষ ষোলোতে। কাল রড লেভার অ্যারেনায় l রয়টার্স
অস্ট্রেলিয়ান ওপেনে ধীরে ধীরে যেন নিজেকে ফিরে পাচ্ছেন রজার ফেদেরার। টমাস বার্ডিচকে হারিয়ে উঠে গেছেন শেষ ষোলোতে। কাল রড লেভার অ্যারেনায় l রয়টার্স

রজার ফেদেরারকে ঘিরে এবারের মতো সংশয় আর কখনো ছিল?
বয়স একটু একটু করে বাড়ছে, মারে-জোকোভিচদের মতো প্রতিপক্ষের সঙ্গে এখন আর কুলিয়ে উঠতে পারেন না। তার ওপর সুইস তারকা এবার অস্ট্রেলিয়ান ওপেন শুরুর কদিন আগেই ফিরেছেন চোট কাটিয়ে। শঙ্কা তাই আরও বেড়েছে। কিন্তু কিসের কী! অস্ট্রেলিয়ান ওপেন যত গড়াচ্ছে, ততই যেন ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন ‘ফেডেক্স’। গতকালও যা চোখে পড়ল, শেষ ৩২-এর প্রতিপক্ষ টমাস বার্ডিচকে বলতে গেলে উড়িয়ে দিয়েছেন ফেদেরার, হারিয়েছেন ৬-২, ৬-৪, ৬-৪ গেমে।
প্রথম দুই রাউন্ডে প্রতিপক্ষ দুজন ছিলেন র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৩০০ ও ২০০তম। ফেদেরারও ছিলেন একটু অচেনা। গতকাল সামনে ছিল বড় চ্যালেঞ্জ, প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ১০ নম্বর বার্ডিচ। ফেদেরারও জ্বলে উঠলেন! সেই ক্ল্যাসিক হাফ-ভলি, লাইন থেকে দুর্দান্ত ব্যাকহ্যান্ড...রড লেভার অ্যারেনায় কাল পাত্তাই দেননি চেক প্রজাতন্ত্রের টেনিস তারকাকে। ইএসপিএনের সম্প্রচার অনুষ্ঠানে বিশেষজ্ঞ হয়ে আসা কিংবদন্তি জন ম্যাকেনরোও বললেন, ‘পুরোনো ফেদেরারকে দেখছি আমরা। বার্ডিচকে ওর সামনে কেমন ছোট দেখাচ্ছে।’
ফেদেরারের সঙ্গে শেষ ষোলোতে উঠে গেছেন র্যাঙ্কিং-সেরা অ্যান্ডি মারেও। যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে হারিয়েছেন ৬-৪, ৬-২, ৬-৪ গেমে। মেয়েদের এককে জিতেছেন র্যাঙ্কিং শীর্ষে থাকা অ্যাঞ্জেলিক কারবারও। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভাকে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির টেনিস-কন্যা। ইএসপিএন।