ফুটবলের নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ফর্মটা ভালো যাচ্ছে না। সামনে আবার ‘প্রিয়’ গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। এই সময়ে মাথায় শুধুই টেনিস থাকার কথা। তবে একটু জায়গা করে নিয়েছে ফুটবলও। আরও ভালো করে বললে চ্যাম্পিয়নস লিগ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ড্র করে প্রতিযোগিতা থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে পড়ায় দুঃখ পেয়েছেন মাদ্রিদভক্ত নাদাল, ‘আমি অনেক সময়ই হেরেছি। আর গতকাল হেরেছে (ফাইনালে যেতে না পারা) রিয়াল মাদ্রিদ। এটা খেলারই একটা অংশ।’ তবে ৬ জুন বার্লিনের ফাইনালে বার্সেলোনা, জুভেন্টাস যে-ই জিতুক—নাদাল খুব বেশি দুঃখ পাবেন না। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে আছেন নাদাল। রোম থেকেই ফাইনাল নিয়ে বললেন, ‘বার্সেলোনা যদি জেতে তাদের জন্য খুশি হব। জুভেন্টাস জিতলেও আমি খুশি হব কারণ ফার্নান্দো লরেন্ত, আলভারো মোরাতার মতো বন্ধু আমার আছে দলটিতে।’ ফাইনালে তাহলে নাদাল কোন দলের সমর্থক? উত্তরটা হবে ফুটবলের। এএফপি।