ফুটবলের মালদিনি টেনিসে!

পাওলো মালদিনি। ইতালির সাবেক ফুটবলার। কিন্তু তাঁর এই পরিচয়ের দিন বুঝি ফুরোল! এসি মিলান কিংবদন্তি যে এখন টেনিস খেলোয়াড়!
পেশাদার সার্কিটে এ মাসেই অভিষেক হতে যাচ্ছে ৪৯ ছুঁই ছুঁই মালদিনির। দ্বিতীয় সারির এটিপি টুর্নামেন্ট অ্যাস্প্রিয়া টেনিস কাপে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন তিনি। তবে এককে নয়, দ্বৈতে খেলবেন এসি মিলানের হয়ে ২৬টি ট্রফিজয়ী মালদিনি।

দ্বৈতে তাঁর সঙ্গী স্টেফানো লান্ডোনিও। তাঁর হাত ধরেই টেনিসে মালদিনির হাতেখড়ি। টানা ২৪ বছর এসি মিলানে কাটানোর পর ২০০৯ সালে ফুটবলকে বিদায় জানিয়েই টেনিসের র্যাকেট হাতে নিয়েছেন। খেলাটার প্রতি তাঁর ভালো লাগা অবশ্য আরও আগে থেকে। রোম মাস্টার্স কিংবা টেনিসের অন্যান্য বড় ইভেন্ট চলাকালে গ্যালারিতে মাঝেমধ্যেই দেখা যেত তাঁকে। প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার। সুইস এই টেনিস কিংবদন্তি এ বছর যখন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন, তখন চ্যাম্পিয়ন ফেদেরারকে শুভেচ্ছা জানিয়ে মালদিনি টুইট করেছিলেন, ‘হোয়াট আ চ্যাম্পিয়ন। আমার স্পোর্টস হিরো রজার ফেদেরার।’
ফুটবল থেকে অবসর নেওয়ার পর অন্য খেলায় পা রাখার উদাহরণ অনেক। ক্রিস্টাল প্যালেসের সাবেক ফুটবলার লিওন ম্যাকেঞ্জি এবং হাল সিটির সাবেক খেলোয়াড় কার্টিস উডহাউজ ফুটবল ছাড়ার পর নাম লেখান সাইক্লিংয়ে। আন্দ্রেই শেভচেঙ্কো ফুটবল থেকে গলফে। তবে কেউই ‘নতুন’ খেলায় সেভাবে নাম করতে পারেননি। ২৬ জুন ৪৯ বছরে পা রাখতে যাওয়া মালদিনিকে নিয়েও উচ্চাশা নেই কারও। তবে তাঁর মধ্যে সহজাত এক টেনিস খেলোয়াড়ের ছায়া দেখছেন দ্বৈতে তাঁর সঙ্গী ও কোচ স্টেফানো লান্ডোনিও, ‘দারুণ সার্ভ করে পাওলো। কিছু শটও সে ভালো খেলতে পারে।’ এএফপি, ডেইলি মেইল।