ফেদেরার-নাদালজুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্টে তাঁদের লড়াইয়ের ইতিহাসটা কিংবদন্তিতুল্য। কম তো নয়, পরস্পরের বিপক্ষে ৩৪ বার খেলেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।  এবার অবশ্য প্রতিদ্বন্দ্বিতা ভুলে কোর্টে সঙ্গী হয়ে যাচ্ছেন ফেদেরার-নাদাল। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জুটি বেঁধে। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া নতুন টুর্নামেন্ট লেভার কাপে ইউরোপের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে দ্বৈতে খেলবেন ফেদেরার ও নাদাল।

পুরুষ টেনিসে সর্বশেষ ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামজয়ী অস্ট্রেলীয় কিংবদন্তি রড লেভারের নামে টুর্নামেন্টের প্রথম আসর বসছে ২০১৭ সালের সেপ্টেম্বরে চেক প্রজাতন্ত্রের প্রাগে। টুর্নামেন্টের ছকটা গলফের রাইডার কাপ কিংবা প্রেসিডেন্ট কাপের মতো।

পরশু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে ইউরোপ ও অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়কদেরও নাম ঘোষণা করা হয়। ইউরোপ খেলবে সাবেক সুইডিশ তারকা বিওন বোর্গের অধিনায়কত্বে, বিশ্ব একাদশের অধিনায়ক যুক্তরাষ্ট্রের জন ম্যাকেনরো। অনুষ্ঠানে ফেদেরার ও নাদাল দুজনই উপস্থিত ছিলেন।

চোটের কারণে অনেক দিন কোর্টের বাইরে থাকা ফেদেরার নাদালকে সঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত, ‘শেষ পর্যন্ত নাদালের সঙ্গে জালের একই পাশে থাকতে পারাটা অবিশ্বাস্য এক ব্যাপার হবে। (ওর) বিখ্যাত ফোরহ্যান্ডের মুখোমুখি হতে হবে না ভেবে আমি রোমাঞ্চিত।’ এএফপি।