ফেদেরার-শারাপোভার সহজ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদাল-নোভাক জোকোভিচরা তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আগের দিনই। কাল ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন রজার ফেদেরারও। দ্বিতীয় বাছাই সুইস তারকা ৬-২, ৭-৬ (৭/১), ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের মার্সেল গ্রানোলার্সকে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন জিততে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। তৃতীয় রাউন্ডে ফেদেরার সামনে পাচ্ছেন বসনিয়ার দামির জুমহুরকে। দ্বিতীয় রাউন্ডে তিন ঘণ্টার লড়াই শেষে জয় পেয়েছেন চতুর্থ বাছাই টমাস বার্ডিচ।
মেয়েদের বিভাগে স্বদেশি ভিতালিয়া দিয়াতচেঙ্কোকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। দ্বিতীয় বাছাই শারাপোভা জিতলেও হেরে গেছেন তৃতীয় বাছাই সিমোনা হালেপ। রোমানিয়ান হালেপ হেরেছেন অভিজ্ঞ ক্রোয়াট মিরিয়ানা লুচিচের কাছে। এর আগে পরশু হেরেছিলেন ষষ্ঠ বাছাই কানাডিয়ান ইউজিনি বুশার। এএফপি।