ফেদেরার-হিঙ্গিস একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকে দেখা যাবে ফেদেরার–হিঙ্গিস জুটিকে l ফাইল ছবি
অলিম্পিকে দেখা যাবে ফেদেরার–হিঙ্গিস জুটিকে l ফাইল ছবি

দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল সেই ২০০১ সালে। একজন তখন খ্যাতির মধ্যগগনে, আর আরেকজন তখন মাত্র সুবাস ছড়াতে শুরু করেছেন। দুজনের বয়সটাও কিন্তু কাছাকাছিই, একজনের ৩৫, আরেকজন এক বছর ছোট। কী অদ্ভুত, ১৫ বছর পর রিও অলিম্পিকে আবার জুটি বাঁধতে যাচ্ছেন দুজন। রজার ফেদেরার ও মার্টিনা হিঙ্গিস মিশ্র দ্বৈতে রিওর টেনিস কোর্টে নামবেন সুইজারল্যান্ডের হয়ে!
কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জনটা। কাল ফেদেরার নিজেই সেটি নিশ্চিত করলেন, ‘হ্যাঁ, আমি মার্টিনার সঙ্গে মিশ্র দ্বৈতে জুটি বাঁধছি। খুবই রোমাঞ্চিত লাগছে, কারণ মার্টিনার সঙ্গে মনে হয় ১৫ বছর ধরে খেলিনি।’ হিঙ্গিস নিজেই নাকি প্রস্তাবটা ফেদেরারকে দিয়েছিলেন, ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রাজি হতে সময়ও নেননি। হিঙ্গিসকে নিয়ে মুগ্ধতাটা এখনো আছে ফেদেরারের, ‘সে প্রায় আমার বয়সী, যখন সে গ্র্যান্ড স্লাম জেতা শুরু করল তখনো আমি ন্যাশনাল টেনিস সেন্টারে। মাত্র পেশাদার হওয়ার চেষ্টা করছি। তখন আমার কাছে অবিশ্বাস্য যে সে কতটা ভালো।’
ফেদেরার অবশ্য অলিম্পিকে দ্বৈতে আগেও খেলেছেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে স্তানিস্লাস ভাভরিঙ্কাকে নিয়ে পুরুষ দ্বৈতের শিরোপাও জেতেন। এবার আবারও জুটি বাঁধছেন ভাভরিঙ্কার সঙ্গে। অলিম্পিকের আবেদন ‘ফেডেক্সে’র কাছে অন্য রকম, ‘প্রতিটা অলিম্পিকই এক অসাধারণ অভিজ্ঞতা, অনেক কিছু শেখারও আছে এখানে। নিজের দেশের পতাকা বহন করা সবচেয়ে গর্বের মুহূর্তগুলোরই একটি। এথেন্স ও বেইজিংয়ে সেই অনুভূতিটা ছিল অবিশ্বাস্য।’ এএফপি।