ফেদেরারকে এ বেলায় ছাড়াতে পারলেন না নাদাল

জোকোভিচের কাছে হেরে গেলেন নাদাল।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট রজার ফেদেরারকে তৃতীয় রাউন্ড শেষেই ছিটকে দিয়েছে। যদিও থাকলেও কতটা কী করতে পারতেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি, সে প্রশ্ন থেকে যায়। ক্যারিয়ারে মাত্র একবারই যে ফ্রেঞ্চ ওপেন জিততে পেরেছেন!

ছেলেদের এককে সবচেয়ে বেশি ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা ফেদেরার ভাগাভাগি করছেন যাঁর সঙ্গে, সেই রাফায়েল নাদালের জন্যই বরং ফ্রেঞ্চ ওপেন সব সময় দারুণ উর্বর। ক্লে কোর্টের রাজা তাঁর ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন লাল দুর্গে, কাদামাটিতে।

কিন্তু আজ আর পারলেন না নাদাল। তাঁকে পারতে দিলেন না সময়ের টেনিসের অন্যতম সেরা তারকা নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের চোখধাঁধানো সেমিফাইনালে আজ প্রথম সেটে হেরেও নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন জোকোভিচ।

তাতে রেকর্ডও হয়ে গেল সার্বিয়ান টেনিস তারকার। ইতিহাসে প্রথম তারকা জোকোভিচ, যিনি ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নাদালকে হারালেন! নাদাল এ নিয়ে ক্যারিয়ারে ফ্রেঞ্চ ওপেনে ১০৮ ম্যাচ খেলে হেরেছেন মাত্র তিনবার, আজকের ম্যাচ নিয়ে এর দুটিই জোকোভিচের কাছে। ফ্রেঞ্চ ওপেনে এর আগে কখনো প্রথম সেট জেতার পর ম্যাচ হারেননি নাদাল।

অথচ প্রথম সেটে গল্পটা কী ভিন্নই না লাগছিল! জোকোভিচের প্রথম দুই সার্ভিসই ব্রেক করেন নাদাল, ম্যাচের প্রথম পাঁচ গেমের পর স্কোরলাইন নাদালের পক্ষে ছিল ৫-০। শেষ পর্যন্ত সেই সেট নাদাল জেতেন ৬-৩ গেমে।

কিন্তু ও-ই শেষ! দ্বিতীয় সেটে নাদালের প্রথম সার্ভিসই ব্রেক করে যে জোকোভিচের জবাব দেওয়া শুরু হলো, শেষ পর্যন্ত ওই সেট জিতেছেন ঠিক ৩-৬ গেমে।
এরপর তৃতীয় সেটে যা হলো, সেটিকে মহাকাব্যও বলে দেওয়া যায়। ৯৬ মিনিট স্থায়ী সেই সেটে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতেছেন জোকোভিচ। কিন্তু ওই সেটটা ৩৪ বছরের জোকোভিচের যা পরীক্ষা নিয়েছে, তার চেয়েও বেশি যেন নিয়েছে ৩৫ বছরের নাদালের।

চতুর্থ সেটে নেমেই জোকোভিচের প্রথম সার্ভিস ব্রেক করেছেন বটে নাদাল, প্রথম দুই গেমের দুটিই জিতে ২-০ করে ফেলেছিলেন । কিন্তু এরপর টানা ছয় গেম ম্যাচের হিসাব চার সেটেই শেষ করে দেন জোকোভিচ। আগামীকাল ফাইনালে জোকোভিচের বিপক্ষে খেলবেন গ্রিসের স্তেফানোস সিৎসিপাস।

এয়ার জোকোভিচ!
ছবি:টুইটার

সেই ফাইনাল শেষ পর্যন্ত কেমন হবে কে জানে, তবে আজকের ম্যাচটিই ফাইনাল হলে নিঃসন্দেহে আরও ভালো হতো। কেমন হয়েছে ম্যাচটা? ব্রিটেনের টেনিস তারকা অ্যান্ডি মারে টুইট করলেন, 'মাটির কোর্টে এর চেয়ে ভালো টেনিস আর হয় না! একেবারে নিখুঁত।'

এতটাই নিখুঁত যে, হাজার পাঁচেক দর্শক ছিল মাঠে। তাদের বিধিনিষেধ মানায়ও দেখা গেছে শিথিলতা। রাত ১১টার পর বাইরে থাকা যাবে না –ফ্রান্সে এমন বিধিনিষেধ এড়িয়েও দর্শক ছিলেন মাঠে।

শেষ পর্যন্ত তাঁদের সামনে জিতে গেলেন জোকোভিচ। এবার শিরোপা জিতলে ১৯টি গ্র্যান্ড স্লাম হবে তাঁর। জোকোভিচ চলে যাবেন গ্র্যান্ড স্লাম জয়ের সংখ্যায় ফেদেরার-নাদালকে ছোঁয়ার আরও কাছে।