ফেদেরারকেও ছাড়িয়ে গেলেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু রেকর্ডে নয়, এই ছবির ফ্রেমেও এভার্ট আর নাভ্রাতিলোভার পাশে দাঁড়ালেন সেরেনা। এএফপি।
শুধু রেকর্ডে নয়, এই ছবির ফ্রেমেও এভার্ট আর নাভ্রাতিলোভার পাশে দাঁড়ালেন সেরেনা। এএফপি।

দুজনই প্রায় সমবয়সী। রজার ফেদেরারের ৩৩ চলছে, সেরেনা উইলিয়ামসের ৩২। কিন্তু মেয়েদের টেনিসে তো কুড়িতেই বুড়ি। সেখানে সেরেনা যেন ওয়াইনের মতো। এই বয়সেও খেলছেন দাপটের সঙ্গে। শুধু তা-ই নয়, কাল জিতে নিলেন ক্যারিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা। আঠারোর সন্ধানে মরিয়া ফেদেরার যা পারছেন না বহু চেষ্টাতেও।

মেয়েদের একক জয়ের সর্বকালের সেরা তালিকাতেও যৌথভাবে দুইয়ে উঠে এলেন সেরেনা। ১৮টি গ্র্যান্ড স্লাম আর আছে কেবল ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার। ২২টি গ্র্যান্ড স্লাম নিয়ে সবার ওপরে স্টেফি গ্রাফ। অবশ্য ওপেন যুগ হিসেবে না নিলে ২৪টি গ্র্যান্ড স্লাম আছে মার্গারেট কোর্টের।

কাল ক্যারোলিন ওজনিয়াকিকে একেবারে অনায়াসে (৬-৩, ৬-৩) হারিয়েছেন মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। গত চার বছরেই সেরেনা জিতেছেন সাতটি গ্র্যান্ড স্লাম। এখান থেকেই পরিষ্কার, শেষ বয়সেই যেন আরও বেশি ঝলসে উঠেছেন। এটাও পরিষ্কার, গ্রাফের রেকর্ডটাতেই আপাতত তাঁর চোখ।

কাল মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকল এভার্ট আর নাভ্রাতিলোভা ‘এইটিন’ লেখা একটা সোনালি ব্রেসলেট সেরেনাকে উপহার দেওয়ায়। এই উপহার পেয়ে আবেগাপ্লুত সেরেনা বলেছেন, ‘আমি কী এমন কেউকেটা! এই গ্রেট, এই কিংবদন্তির সঙ্গে আমারও নাম উচ্চারিত হবে, কখনোই তো ভাবিনি।’ এএফপি।