ফেদেরারের অন্য 'প্রতিপক্ষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার
রজার ফেদেরার

ফর্ম বলছে, বয়স তাঁর জন্য শুধুই একটা সংখ্যা। কিন্তু ইতিহাস বলছে, বয়সই ইউএস ওপেনে রজার ফেদেরারের সবচেয়ে বড় প্রতিপক্ষ। কীভাবে?
এই তো গত সপ্তাহে সিনসিনাটি ওপেনের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে। ওই টুর্নামেন্টের সেমিফাইনালে হারিয়েছেন তখন দুই নম্বরে থাকা অ্যান্ডি মারেকে। দুজনের বিপক্ষেই একটা সেটও হারেননি ৩৪ বছর বয়সী ফেদেরার। বয়স তাঁর জন্য শুধুই সংখ্যা নয় তো কী!
সমস্যা হচ্ছে, এই বয়সে সিনসিনাটি ওপেন জেতা গেলেও ইউএস ওপেন জেতাটা বোধ হয় এত সহজ নয়। গত তিন দশকেরও বেশি সময়ে যাঁরা ইউএস ওপেনে জিতেছেন, তাঁদের প্রায় সবার বয়সই ২০ থেকে ৩০-এর মধ্যে। এই সময়ে ফ্লাশিং মিডোতে ৩০ পেরোনো মাত্র দুজন শিরোপা জিতেছেন। একজন জিমি কনর্স (১৯৮৩), অন্যজন পিট সাম্প্রাস (২০০২)। শিরোপা জেতার সময় দুজনেরই বয়স ছিল ৩১। ৩৪-এর ফেদেরার কি পারবেন ইউএস ওপেনের এই ‘বয়স-বাধা’ উড়িয়ে দিতে?
১৭টি গ্র্যান্ড স্লাম জিতে এরই মধ্যে সর্বকালের সেরার স্বীকৃতির দাবিদার। তবে সর্বশেষ গ্র্যান্ড স্লামটা বছর তিনেক আগে, ২০১২ উইম্বলডনে। এরপর থেকেই যেন বড় শিরোপার সঙ্গে একটা আড়ি চলছে সুইস কিংবদন্তির। ফাইনালও খেলেছেন মাত্র দুটি, গত বছর ও এ বছর উইম্বলডনে। দুবারই হেরেছেন নোভাক জোকোভিচের কাছে। যে ফ্লাশিং মিডোতে একসময় দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন, ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত জিতেছেন টানা ৫টি গ্র্যান্ড স্লাম, সেখানেই ২০০৯ সালের পর আর ফাইনালে ওঠা হয়নি। অপেক্ষাটা কি ফুরাবে এবার?
র্যাকেট হাতে দুর্দান্ত ফর্মের পাশাপাশি ড্রটাও ভালোই হয়েছে তাঁর জন্য। সিনসিনাটি ওপেন জিতে দুই নম্বর বাছাই হিসেবে এ টুর্নামেন্টে জায়গা পাওয়ায় নিশ্চিত হয়ে গেছে, ১৩ সেপ্টেম্বর ফাইনালের আগে দেখা হচ্ছে না এক নম্বর নোভাক জোকোভিচের সঙ্গে। ফেদেরার অবশ্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে মনোযোগ দিতে চান নিজের খেলার দিকে, ‘দুই নম্বর বা তিন নম্বর বাছাই হওয়া আমার জন্য কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে আমি এত দূর পর্যন্ত ভাবিনি। কারণ ২০০৯ সালের পর আমি তো এখানে ফাইনালই খেলতে পারিনি। সুতরাং আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’
সেই পরিশ্রম করার অবশ্য নিজস্ব একটা ধরন আছে ফেদেরারের। কখনোই তাড়াহুড়ো করার পক্ষপাতী নন। উইম্বলডনের ফাইনালে জোকোভিচের কাছে হেরে যাওয়ার পর টেনিস থেকে মাস খানেকের বিরতি নিয়েছেন। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে, নিজের ফাউন্ডেশনের হয়ে দাতব্য কাজে ঘুরে এসেছেন দক্ষিণ আফ্রিকা। এ মাসে কানাডায় রজার্স কাপেও খেলেননি। ওই সময়টায় কোচ স্টেফান এডবার্গের অধীনে কাজ করেছেন নিজের টেকনিক নিয়ে। ফলাফল তো সিনসিনাটি ওপেনেই দেখা গেল। কী পরিবর্তন এনেছেন, সেটা জানিয়ে ফেদেরার কৃতিত্ব দিয়েছেন কোচকে, ‘তিনি আমাকে অনেক বড় সাহায্য করেছেন। চওড়া র্যাকেট নিয়ে খেলতে শুরু করার পর থেকে আমার ব্যাকহ্যান্ড আগের চেয়ে ভালো। আমার মনে হয় র্যাকেট পরিবর্তনের কারণেই এটা হয়েছে, কারণ দুটি ব্যাপার একসঙ্গেই ঘটেছে।’
চওড়া র্যাকেটের ফেদেরার কি বয়সকেও হার মানাতে যাচ্ছেন এবারের ইউএস ওপেনে? রয়টার্স।