ফেদেরারের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই কলম্বিয়ার আলেজান্দ্রো ফাল্লাকে হারিয়ে উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে। হঠাৎ করেই মূর্তিমান উপদ্রবের মতো মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। ফেদেরারের সঙ্গে গিয়ে সেলফিও তোলার চেষ্টা করলেন। এমনিতে ফেদেরারের সঙ্গে ভক্তদের সম্পর্ক বেশ উষ্ণই। কিন্তু এত বড় একটা আসরে এভাবে কোর্টের ভেতর ঢুকে পড়াটা কোনোভাবেই মানতে পারছেন না সুইস কিংবদন্তি। পরশুর ম্যাচ শেষে নিজের উষ্মাটা জানিয়ে দিয়েছেন, ‘ব্যাপারটা মেনে নেওয়া কষ্টকর। কাল অনুশীলনেও এমন হয়েছিল। তাও ও তো একজন শিশু ছিল। কিন্তু সেন্টার কোর্টের মতো জায়গায় এ রকম ঘটনার পর মনে হচ্ছে যেন কিছুই হয়নি।’ গত জানুয়ারিতে প্যারিসে চার্লি হেবদো-আক্রমণের পর এমনিতেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন খেলোয়াড়েরা। ফেদেরারের রাগের কারণটা বুঝে নিতে কষ্ট হয়নি। কর্তৃপক্ষ অবশ্য সঙ্গে সঙ্গেই লোকটাকে মাঠের বাইরে সরিয়ে নিয়ে গেছেন। আর ফ্রেঞ্চ ওপেনেও এটা নতুন কিছু নয়, আগেও ফেদেরার-নাদালকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এএফপি।