ফেদেরারের চোখে জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় কার্টুন চরিত্র মিউট্যান্ট নিনজা টার্টলসের সঙ্গে দৈত্যাকৃতির টেনিস র‍্যাকেট হাতে রজার ফেদেরার। মেলবোর্ন পার্কে গতকাল উদ্‌যাপিত হলো কিডস টেনিস ডে। সে উপলক্ষেই আগামীকাল থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ভেন্যুতে এই কার্টুন চরিত্রের আবির্ভাব l রয়টার্স
জনপ্রিয় কার্টুন চরিত্র মিউট্যান্ট নিনজা টার্টলসের সঙ্গে দৈত্যাকৃতির টেনিস র‍্যাকেট হাতে রজার ফেদেরার। মেলবোর্ন পার্কে গতকাল উদ্‌যাপিত হলো কিডস টেনিস ডে। সে উপলক্ষেই আগামীকাল থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ভেন্যুতে এই কার্টুন চরিত্রের আবির্ভাব l রয়টার্স

পুরুষ টেনিসে এখন ‘বিগ ফোর’ না ‘বিগ ফাইভ’ যুগ? কিছুদিন ধরেই প্রশ্নটা উঠছে। নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে—বিগ ফোরের এই চার তারকার কাতারে কেউ কেউ এখন রাখছেন স্তানিসলাস ভাভরিঙ্কাকেও। যদিও রজার ফেদেরার এখনো বিগ ফোরেই বিশ্বাসী!
তাহলে স্বদেশি হয়েও ফেদেরার বিগ ফোরে রাখছেন না ভাভরিঙ্কাকে! আসল রহস্যটা এখানেই। ভাভরিঙ্কাকে নিয়েই ফেদেরারের ‘বিগ ফোর’ কিন্তু সেখানে নেই নোভাক জোকোভিচ! সুইস মাস্টারের বিবেচনায় জোকোভিচ বিগ ফোর ছাড়িয়ে আরও ওপরে। কেন জোকোভিচকে এগিয়ে রাখছেন সে ব্যাখ্যাও দিচ্ছেন ফেদেরার, ‘কে সবচেয়ে বেশি সফল? স্তান, মারে, আমি নিজে, নোভাক এবং রাফা আছে। তবে নোভাক জোকোভিচ নামের পাশে ছোট একটা তারা বসানোর দাবি রাখে। কারণ সে সত্যিই অসাধারণ খেলছে।’
গত বছর চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন জোকোভিচ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে তিনিই ফেবারিট। টুর্নামেন্টে দুজনের জয়যাত্রা অব্যাহত থাকলে এবার সেমিফাইনালেই মুখোমুখি হবেন জোকোভিচের। ফর্মের দিক সার্বিয়ান তারকাকে এগিয়ে রাখলেও নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ফেদেরার। গত বছর দুজনের কোর্টে সাক্ষাৎ হয়েছে আটবার। তার মধ্যে তিনবার জিতেছেন ফেদেরার। সেটি স্মরণে রেখেই বলছেন, ‘গত বছর নোভাকের বিপক্ষে ভালো খেলেছি। অবশ্যই এটি ধরে রাখতে হবে আমাকে।’
সেটি ধরে রাখতে পারলে টেনিসে অনেক প্রথমের জন্ম দেওয়া ফেদেরার আরও একটা জায়গায় প্রথম হবেন। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর প্রাইজমানি ৯ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। ৩৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানির অস্ট্রেলিয়ান ওপেন জিতলে ১০ কোটি প্রাইজমানি পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনিই।
টেনিসের প্রথম ‘হানড্রেড মিলিয়নম্যান’ হওয়ার দৌড়ে আছেন জোকোভিচও। ক্যারিয়ারে ৯ কোটি ৪০ লাখ ডলার প্রাইজমানি পাওয়া জোকোভিচের এ জন্য জিততে হবে আরও দুটি গ্র্যান্ড স্লাম। এএফপি, ওয়েবসাইট।