কারও আত্মজীবনীতে অনেক চরিত্র উঠে আসতে পারে, সেই চরিত্রগুলো আবার সম্পর্কের সুতোয় থাকতে পারে গাঁথা। কেউ জীবনীকারের কলমে হতে পারেন নিন্দিত, কেউ নন্দিত। ভারসাম্য ধরে রেখে কেউ আত্মজীবনী লেখেন না। আত্মজীবনী উইম্বলডন: মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার অ্যাট অল ইংল্যান্ড ক্লাবে এই কাজটাই করেছেন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকার। বেকার লিখেছেন, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ কেউ কাউকে দেখতে পারে না। এ-ও বলেছেন, ফেদেরারকে যতটা ভদ্রলোক মনে হয়, ততটা সে নয়। এত দিন পর এ নিয়ে খেপেছেন ফেদেরার, প্রশ্ন তুলেছেন, দুজনের সম্পর্ক নিয়ে তিনি বলার কে? ‘নোভাকের সঙ্গে কখন আমার সমস্যা ছিল তিনি জানেন না। হ্যাঁ, শুরুতে সমস্যা ছিল আমাদের, কোর্টে তাঁর (জোকোভিচ) আচরণটা পছন্দ ছিল না আমার। কিন্তু এখন তার ব্যবহার দারুণ, খু্বই যৌক্তিক’—সুইস এক দৈনিককে বলেছেন ফেদেরার। আর তাঁর ভাবমূর্তি নিয়ে মন্তব্যের জবাবে ফেদেরার জানিয়েছেন, কাউকে নিয়ে কিছু বলার আগে উচিত ছিল তাঁর সম্পর্কে ভালো করে জানা। টেনিসডটকম।