ফেদেরারের পর গেলেন নাদালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি নাদাল-জোকোভিচ। ক্ষেত্র প্রস্তুত আরেকটি মহাকাব্যিক লড়াইয়েরও। কিন্তু হলো উল্টোটাই। টেনিস-ভক্তদের হতাশ করে হলো একতরফা এক ম্যাচ, যাতে কাল সরাসরি ৭-৫, ৬-৩, ৬-১ গেমে জিতে সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে নয়বারের চ্যাম্পিয়নস রাফায়েল নাদাল মাত্র দ্বিতীয়বারের মতো হারলেন। নাদাল-বাধা পেরোনোর পর সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় মুখোমুখি হবেন অ্যান্ডি মারের। কাল মারে হারিয়েছেন ডেভিড ফেরারকে। নাদালের বিদায়ের আগে পরশু হেরে গেছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারও। স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে ফেদেরারও হেরেছেন সরাসরি সেটে।
এমন নয় যে ভাভরিঙ্কার কাছে এই প্রথম হারলেন রজার ফেদেরার। কিন্তু পরশু ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক স্বদেশি ভাভরিঙ্কার কাছে যেভাবে হারলেন, তাতে যেন একটা পালাবদলেরই ইঙ্গিত মিলল। র‌্যাঙ্কিংয়ের নয়ে থাকা ভাভরিঙ্কাকে বর্তমান টেনিসের অন্যতম সেরা প্রতিভা হিসেবে দেখে থাকেন কেউ কেউ। কিন্তু সেভাবে প্রচারের আলোয় আসতে পারেননি টেনিসের মহিরুহ ফেদেরারের কারণেই। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে জয়ের পাশাপাশি স্বদেশির বিপক্ষে নিজের শ্রেষ্ঠত্বও ঘোষণা করলেন গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ভাভরিঙ্কা, সেমিতে যাঁর প্রতিপক্ষ জো-উইলফ্রায়েড সোঙ্গা। পরশু ৬-৪, ৬-৩, ৭-৬ (৭/৪) গেমের জয়ে ভাভরিঙ্কার একটি সার্ভিসও ভাঙতে পারেননি ফেদেরার! গত ১৩ বছরের মধ্যে এবারই প্রথম এমন ব্যর্থ হলেন।
এদিকে মেয়েদের বিভাগে সেমিফাইনালে আজ সেরেনা উইলিয়ামস তিমিয়া বাসিনস্কির ও আনা ইভানোভিচ লুসি সাফারোভার মুখোমুখি হচ্ছেন। এএফপি, রয়টার্স।