ফেদেরারের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন ডেভিস কাপ জিততে না পারার অতৃপ্তি সঙ্গী ছিল রজার ফেদেরারের। পরশু সুইজারল্যান্ডের হয়ে সেটিও দূর হওয়ায় আবেগাপ্লুত ‘ফেডেক্স’ l এএফপি
এত দিন ডেভিস কাপ জিততে না পারার অতৃপ্তি সঙ্গী ছিল রজার ফেদেরারের। পরশু সুইজারল্যান্ডের হয়ে সেটিও দূর হওয়ায় আবেগাপ্লুত ‘ফেডেক্স’ l এএফপি

১৭টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, অথচ ডেভিস কাপের শিরোপা ছিল অধরা! হিসাবটিকে বদলে দেওয়ার চাপ তো ছিলই, চোটও তাঁকে ঠেলে দিয়েছিল পেছন পায়ে। এসবের প্রভাবেই কিনা প্রথম একক ম্যাচে গায়েল মনফিলসের সঙ্গে ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হেরে বসেন ফেদেরার। তবে নিজের দ্বিতীয় এককে রিচার্ড গ্যাসকেটকে ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন এই সুইস মাস্টার। আর এতেই নিশ্চিত হয়েছে ফ্রান্সকে হারিয়ে সুইজারল্যান্ডের ডেভিস কাপ শিরোপা।
ডেভিস কাপের শিরোপা! সুইসরা আপ্লুত। ক্যারিয়ারজুড়ে ফেদেরারের অসংখ্য শিরোপায় নিশ্চয়ই গর্বিত সুইসরা। তবে ডেভিস কাপের জয়ের মাহাত্ম্য অন্য রকম। বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো ডেভিস কাপ পেল সুইজারল্যান্ড! জয়ের পর আবেগ ছুঁয়ে গেল ফেদেরারকেও। সিক্ত নয়নে এই জয় সতীর্থদের উৎসর্গ করলেন, ‘এটা আমার জন্য নয়, আমি অনেক জিতেছি। এই শিরোপা দলের সবাইকে উৎসর্গ করছি। ১৫ বছর ধরে এর জন্য অপেক্ষা করেছি।’
সুইজারল্যান্ডের ডেভিস কাপ জয়ে স্তানিসলাস ভাভরিঙ্কার অবদানও কম নয়। ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে জিতেছেন, নিজের এককে হারিয়েছেন জো-উইলফ্রায়েড সোঙ্গাকে। ফেদেরারের মুখে তাই ভাভরিঙ্কা-স্তুতি, ‘সে বছরের পর বছর দারুণ খেলে যাচ্ছে এবং অবিশ্বাস্য একটি সপ্তাহ কাটিয়েছে। যা আমাকে এই ম্যাচে জয় পেতে উদ্বুদ্ধ করেছে।’
সব মিলিয়ে পাঁচ ম্যাচের ফাইনালে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে ডেভিস কাপের শিরোপা ঘরে তুলল সুইজারল্যান্ড। বহুপ্রতীক্ষার শিরোপা! এএফপি, বিবিসি।