ফেদেরারের শেষ দেখেন না সাম্প্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিট সাম্প্রাস ও রজার ফেদেরার
পিট সাম্প্রাস ও রজার ফেদেরার

বয়স ৩৪। ১৭তম গ্র্যান্ড স্লামটা জিতেছেন ২০১২ সালে, উইম্বলডনে। ১৮তম গ্র্যান্ড স্লামটা তাঁর আদৌ জেতা হবে কি না, সে প্রশ্নটা ধরতে গেলে ঘুরপাক খাচ্ছে প্রায় তিন বছর ধরেই। তবে টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাস মনে করেন রজার ফেদেরার ১৮তম গ্র্যান্ড স্লাম জিতবেন। ৩১ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনেই হয়তো সেটি হয়ে যাচ্ছে!
১৪টি গ্র্যান্ড স্লামজয়ী সাম্প্রাসকে হারিয়েই দিয়েছিলেন আগমনী বার্তা। ২০০১ সালে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সাম্প্রাসকে হারিয়ে দিয়েছিলেন ১৯ বছর বয়সী ১৫তম বাছাই ফেদেরার। সাম্প্রাসও জহুরির চোখে চিনে নিয়েছিলেন তরুণ ফেদেরারকে। সেই ফেদেরারই পরে জিতেছেন ৭টি উইম্বলডন, সব মিলিয়ে ১৭টি গ্র্যান্ড স্লাম, যে অর্জন আর কারও নেই। ফেদেরার-অধ্যায়ের পুরোটি এখনো পড়া হয়নি সাম্প্রাসের, তাই শেষ কথাটিও এখনই বলে ফেলতে চান না, ‘আমার মনে হয় ও দারুণ খেলছে। শারীরিকভাবে ও ফিট। বলটাকে ঠিকঠাক খেলছে। বছরের পর বছর ধরে যে কাজগুলো ও করে আসছে, সেগুলো দুর্দান্তভাবেই করে আসছে।’ তবে যুক্তরাষ্ট্রের এই সাবেক টেনিস তারকার একটু সংশয় থাকছে ফেদেরারের বয়সের কারণে, ‘বয়সের সঙ্গে সঙ্গে কাজটা কঠিন হয়ে যায়। অবশ্য নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারেও দুর্দান্ত ফর্মে আছে।’
পাঁচবারের ইউএস ওপেনজয়ী সাম্প্রাস মনে করেন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে টানা খেলে যাওয়াটা সুইস তারকার জন্য একটা চ্যালেঞ্জ, ‘আমি মনে করি জয়ের জন্য রজারের কতগুলো কাজ ঠিকঠাক হতে হবে। যদি ওকে মারে, জোকোভিচ তারপর নাদালের বিপক্ষে খেলতে হয় তবে কাজটা কঠিন হয়ে যাবে।’ অবশ্য ফেদেরারের ষষ্ঠ ইউএস ওপেন জয়ের পথে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকেই বড় বাধা দেখেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়, ‘উইম্বলডনেই রজারের সুযোগটা সবচেয়ে বেশি। কিন্তু ও ইউএস ওপেনেও পাঁচবারের চ্যাম্পিয়ন। নিজের কাজটা ও ঠিকই জানে। আমার মনে হয়, নোভাককে হারানোই সবচেয়ে কঠিন হবে।’ অবশ্য সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভাঙতে ফেদেরার হাতে সময় পাবেন প্রায় ৩ বছর ২ মাস! ১৯৭২ সালে ৩৭ বছর ২ মাস বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে অস্ট্রেলিয়ার কেন রোজওয়াল যে প্রায় ‘অবিনশ্বর’ এক রেকর্ড করে বসে আছেন। এএফপি, বিবিসি।
ফেদেরারের সামনে তিন উদাহরণ
কেন রোজওয়াল ৩৭ বছর ২ মাস, ১৯৭২ অস্ট্রেলিয়ান ওপেন
(অস্ট্রেলিয়া)
কেন রোজওয়াল ৩৬ বছর ২ মাস, ১৯৭১ অস্ট্রেলিয়ান ওপেন
(অস্ট্রেলিয়া)
কেন রোজওয়াল ৩৫ বছর ১০ মাস, ১৯৭০ ইউএস ওপেন
(অস্ট্রেলিয়া)
আন্দ্রেস হিমেনো ৩৪ বছর ১০ মাস, ১৯৭২ ফ্রেঞ্চ ওপেন
(স্পেন)