ফেদেরারের সামনে সেই উইলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথা লিখতে এসেও দারুণ বাস্তববাদী মার্কাস উইলিস। উইম্বলডন খেলতে এসে হোটেলের রুম ভাড়া করেছিলেন দিন চুক্তিতে। পরশু রিকার্দাস বেরাঙ্কিসের সঙ্গে প্রথম রাউন্ডে খেলতে নামার আগেই বিল চুকিয়ে এসেছিলেন। বিশ্বের ৭৭৫ নম্বর খেলোয়াড় হয়ে ৫৪ নম্বরের বিপক্ষে জেতার আশা করেন কীভাবে? রুম ধরে রাখা মানে তো খামোখা এক দিনের বাড়তি ভাড়া গোনা! কিন্তু জিতে গেলেন। নিশ্চিত করলেন, আরও কিছুদিন রুমটি রাখছেন।
ওয়ারউইক বোট ক্লাবে চার-পাঁচ বছর বয়সী শিশুদের টেনিস কোচ হয়েই জীবন কাটিয়ে দিচ্ছিলেন উইলিস। ঘণ্টায় ৩০ পাউন্ড মাইনেতে পার করছিলেন দিন। অবসরের চিন্তাও শুরু করে দিয়েছিলেন। ভাগ্যিস, জেনি বেইটের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। তিনিই হাল ছাড়তে দিলেন না। বান্ধবীর অনুপ্রেরণাই এমন রূপকথা লেখার সুযোগ করে দিল উইলিসকে। উইম্বলডনের বাছাইপর্বে সরাসরি জায়গা মেলেনি, আগে খেলেছেন প্রাক্-বাছাই। সেখান থেকে টানা ছয়টি ম্যাচ জিতে উইম্বলডনে। সে গল্পে এবার যোগ হলো প্রথম রাউন্ডের জয়। রূপকথাই তো!
অথচ এই উইম্বলডনই তাঁর ক্যারিয়ারের প্রথম এটিপি ট্যুর। দ্বিতীয় রাউন্ডে ব্রিটিশ এই খেলোয়াড়ের প্রতিপক্ষ কে জানেন? টেনিসের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। আজ উইলিসের বিপক্ষে কোর্টে নামবেন ফেদেরার। যিনি নিজেও এখন উইলিস-রূপকথার একনিষ্ঠ অনুসারী, ‘আমি বেশ কিছুদিন ধরেই ওর কথা শুনেছি। এই খেলার ইতিহাসের অন্যতম সেরা গল্প এটি। এ রকম গল্পই আমাদের প্রয়োজন। আমি কখনো র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে থাকা কারও সঙ্গে খেলিনি। মানুষ যখন এ গল্প শুনবে, ওকেই সমর্থন করবে।’ সূত্র: ডেইলি মেইল।