ফেদেরারের ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি দুর্দান্ত মাইলফলক, ব্রিসবেন ওপেন জিতে রজার ফেদেরার কাল পেলেন ক্যারিয়ারের হাজারতম জয় l এএফপি
আরও একটি দুর্দান্ত মাইলফলক, ব্রিসবেন ওপেন জিতে রজার ফেদেরার কাল পেলেন ক্যারিয়ারের হাজারতম জয় l এএফপি

সবচেয়ে বেশি ১৭ গ্র্যান্ড স্লামের মালিক। ১৬ বছরের ক্যারিয়ারে পেয়েছেন সম্ভাব্য সবকিছুই। ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে এবার আরেকটি অসাধারণ মাইলফলক ছুঁয়ে ফেললেন রজার ফেদেরার, মিলোস রাওনিচকে হারিয়ে কাল পেয়ে গেছেন সহস্রতম জয়। উপলক্ষটা আরও বেশি বর্ণিল এ কারণেই যে ব্রিসবেন ওপেনের ট্রফিটাও এতে তোলা হলো হাতে!
ফেদেরারের এই অর্জনও অনন্য নয়। ১০৭১টি জয় নিয়ে ইভান লেন্ডল আছেন দুইয়ে, ১২৫৩টি জয় নিয়ে সবার ওপরে জিমি কনর্স। তবে একটা অনন্য কীর্তি হলো ফেদেরারের, টানা ১৫টি বছর অন্তত একটি করে এটিপি শিরোপা জিতলেন। সেই ১৯৯৮ সালে ফ্রান্সের গিয়োম রুর বিপক্ষে পেয়েছিলেন প্রথম জয়, পরশু হাজারতম জয়ে হাতে তুললেন ৮৩তম ট্রফি। আর আগের রেকর্ডটি ছিল ইভান লেন্ডলের, ১৯৮০ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ১৪ বছর ট্রফি জিতেছিলেন আটবারের গ্র্যান্ড স্লামজয়ী চেক বংশোদ্ভূত আমেরিকান।

বাঁ পাশে রয় এমারসন, ডান পাশে রড লেভা‍র—ফেদেরারের দুই পাশে দুই কিংবদন্তি। সঙ্গে রানারআপ রাওনিচ l টুর্নামেন্ট ওয়েবসাইট
বাঁ পাশে রয় এমারসন, ডান পাশে রড লেভা‍র—ফেদেরারের দুই পাশে দুই কিংবদন্তি। সঙ্গে রানারআপ রাওনিচ l টুর্নামেন্ট ওয়েবসাইট

অর্জনে উজ্জ্বল দিনটা আরও স্মরণীয় হয়ে গেছে দুজন প্রাতঃস্মরণীয় ব্যক্তির উপস্থিতিতে। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ট্রফিটা ফেদেরারের হাতে তুলে দিয়েছেন রয় এমারসন, আর হাজারতম জয়ের জন্য তাঁকে বিশেষ একটা পুরস্কার দিয়েছেন রড লেভার। ‘ফেডেক্সে’র কণ্ঠে সেই উচ্ছ্বাস, ‘দুজন গ্রেটের সামনে ১০০০তম জয় পাওয়াটা আসলেই বিশেষ কিছু। কোনো সন্দেহ নেই, এটা বিশেষ একটা মুহূর্ত। আমি এটা কখনোই ভুলব না।’
তবে জয়টা সহজে আসেনি। রাওনিচ ভালোই ঘাম ঝরিয়ে ছেড়েছেন। প্রথম সেট ৬-৪ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ফেদেরার হেরে বসেন টাইব্রেকারে। শেষ পর্যন্ত প্যাট রাফটার অ্যারেনায় কানাডিয়ান প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-৪, ৬-৭ (২/৭), ৬-৪ গেমে; সময় লেগেছে দুই ঘণ্টা ১৩ মিনিট। এএফপি।