ফেদেরারের 'আনলাকি ইলেভেন'

অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে সর্বশেষ কবে উঠতে পারেননি? রজার ফেদেরারের নিজেরই হয়তো মনে নেই। সেই ২০০৪ সালে রড লেভার অ্যারেনায় প্রথম ট্রফি হাতে নিয়েছিলেন। এরপর প্রতিবার অন্তত শেষ চারে পৌঁছেছেন। এবার তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ ইতালির আন্দ্রেয়াস সেপ্পি, আগের ১০ সাক্ষাতেই যাঁকে হারিয়েছেন। ফেদেরারের তো কাল আরেকটি ‘রুটিন’ জয়ই তুলে নেওয়ার কথা ছিল।
কিন্তু নিয়তি অলক্ষ্যে হয়তো মুচকি হেসেছে। ফেদেরারের কিছুতেই কিছু হচ্ছিল না যেন, স্বভাববিরুদ্ধভাবে একের পর এক ডাবল ফল্ট করছিলেন। প্রথম দুই সেট যখন হেরে গেলেন, কপালে জমেছে উদ্বেগের চিকচিকে ঘাম। তৃতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর পর ধারাভাষ্যকারেরা মনে করিয়ে দিলেন, এখানে এর আগে দুই সেটে পিছিয়ে পড়েও নয়বার জিতেছেন ফেদেরার। কিন্তু দিনটা যে আসলেই তাঁর ছিল না। শেষ পর্যন্ত তিন ঘণ্টার এক লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭/৫), ৪-৬, ৭-৬ (৭/৫) গেমে জিতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলেন র্যাঙ্কিংয়ের ৪৬তম সেপ্পি।
কিন্তু যে প্রতিপক্ষকে এত দিন পাত্তাই দেননি, তাঁর সঙ্গে এমন খেই হারিয়ে ফেললেন কেন? ১৭ বারের গ্র্যান্ড স্লামজয়ী সুইস কোনো অজুহাত খোঁজার চেষ্টা করেননি, ‘স্রেফ একটা বাজে দিন। আরও ভালো খেলতে পারলে ভালোই হতো, কিন্তু প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর কাজটা কঠিন ছিল। ঘুরে দাঁড়ানোরও সুযোগ আমি পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। এটা ছিল হতাশাজনক।’ কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকেও, ‘আমার নিজের সেরাটা দিতে না পারার কিছু কৃতিত্ব আন্দ্রেয়াসকেও দিতে হবে। ও আজ খুব ভালো খেলেছে।’
সেপ্পিকে কৃতিত্ব না দিয়ে উপায়ও নেই। পুরো ম্যাচে ৫০টি উইনার খেলেছেন, সম্ভবত সবচেয়ে সেরাটি ছিল ম্যাচ পয়েন্ট থেকে। ৩০ বছর বয়সী এই ইতালিয়ানের প্রতিক্রিয়া, ‘আমি শুধু সেন্টার কোর্টে খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম। এখানে তো খেলার সুযোগ সব সময় হয় না। আমি নিজের সেরাটা দিতে চেয়েছি, এটা বলাই যায় এটা ছিল আমার সেরা ম্যাচগুলোর একটি।’
ফেদেরার পা হড়কালেও কাল আর কোনো অঘটন হয়নি। দুদি সেলাকে ৬–১, ৬–০, ৭–৫ গেমে উড়িয়ে দিয়েছেন রাফায়েল নাদাল। অ্যান্ডি মারে ৬-১, ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন পর্তুগালের হোয়াও সোসাকে। ২০০৬ সালের ফাইনালিস্ট মার্কোস বাঘদাতিসের সঙ্গে গ্রিগর দিমিত্রভের ম্যাচটা অবশ্য পাঁচ সেটে গড়িয়েছে, শেষ পর্যন্ত দিমিত্রভ জিতেছেন ৪-৬, ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে। মেয়েদের বিভাগ জয় পেয়েছেন মারিয়া শারাপোভা, সিমোনে হালেপ ও ইউজিনি বুশার। এএফপি, রয়টার্স।